বাগেরহাটে ঘের ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জাহিদ মীর (৩৫) নামের এক ঘের ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা কী কারণে জাহিদকে গুলি করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জাহিদ মীর খুলনা মহানগরের বয়রা এলাকার আবুল হোসেন মীরের ছেলে। তিনি ৮ থেকে ১০ বছর আগে ফকিরহাট উপজেলার কাকডাঙা গ্রামের শহীদ মোল্লার মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ফকিরহাট থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার রায় প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে ফকিরহাট উপজেলার কাকডাঙা গ্রামের বাসিন্দা জাহিদ মীর স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন। পথে স্থানীয় সরোয়ার হোসেনের বাড়ির সামনে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা তিন-চারজন অস্ত্রধারী জাহিদকে এলোপাতাড়ি গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যান। স্থানীয় লোকজন জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরিদর্শক স্বপন কুমার রায় আরও বলেন, জাহিদের পেট, পিঠ, পাসহ শরীরের একাধিক জায়গায় গুলি করা হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন। তিনি শ্বশুরবাড়িতে থেকে মাছের ঘের এবং খুলনায় জমি কেনাবেচা করতেন। ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। তদন্তের পর কারা কী কারণে তাঁকে গুলি করলেন, সেটা বিস্তারিত জানা যাবে।

পুলিশ সূত্র জানায়, গুলিবিদ্ধ জাহিদ খুলনার হামিদনগর এলাকার বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তির পর থেকে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। দুর্বৃত্তদের ছোড়া ছয় রাউন্ড গুলির মধ্যে পাঁচটি জাহিদের শরীরে লাগে।