ময়মনসিংহ থেকে আজও ঢাকামুখী বাস বন্ধ, যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ। আজ শনিবার সকালে নগরের মাসকান্দা এলাকায়
ছবি: প্রথম আলো

ঢাকায় আজ শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ আছে। ময়মনসিংহ পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ আছে বলে নেতারা জানিয়েছেন। এর কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

আজ সকালে ময়মনসিংহ নগরের আকুয়া বাইপাস, শিকারিকান্দা বাইপাস ও মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকার দিকে কোনো বাস চলাচল করছে না। এ কারণে রাস্তা অনেকটাই ফাঁকা। তবে জরুরি প্রয়োজনে মানুষ গাজীপুর ও ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন।

শিকারিকান্দা বাইপাস এলাকায় কথা হয় আবদুল হাই নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, জরুরি প্রয়োজনে তিনি গাজীপুরের সালনা যাবেন। কিন্তু বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন। এখন ভেঙে ভেঙে যাওয়ার পরিকল্পনা করছেন।

ময়মনসিংহ নগরের মাসকান্দা বাস টার্মিনাল এলাকায় দেখা যায় বাসের সারি। বাসের কর্মচারীরা অপেক্ষায় আছেন। হয়তো বিকেল হলে ঢাকামুখী বাস চলাচলের অনুমতি মিলবে। নাম প্রকাশ না করার শর্তে বাসের এক কর্মচারী বলেন, ‘বাস বন্ধ থাকলে আমাদের রোজগার বন্ধ থাকে। এতে চলতে খুব অসুবিধা হয়।’

ময়মনসিংহ জেলা পরিবহন মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা বলেন, মহাসমাবেশের নামে ঢাকায় বিএনপির নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড করবেন—এমন আশঙ্কা থেকে বাসমালিকেরা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আজ সকালে জেলা শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনালে দেখা যায়, ঢাকাগামী সোনার বাংলা ও অন্যান্য পরিবহনের বাসগুলো অলসভাবে দাঁড়িয়ে আছে। কয়েকজন যাত্রী থাকলেও বাস চলাচল বন্ধ থাকায় তাঁরা কোথাও যেতে পারছেন না। বেশি ঝামেলায় পড়েছেন ঢাকায় অধ্যয়নরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শেরপুর শহরের সজবরখিলা এলাকার আবদুল্লাহ আল মামুন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়ালেখা করছেন। তিনি প্রথম আলোকে বলেন, দুর্গাপূজার ছুটি শেষে কাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। তিনি গতকাল শুক্রবার ঢাকায় যাওয়ার জন্য বাস টার্মিনালে এসেছিলেন। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় যেতে পারেননি। আজও একই অবস্থা। বাস বন্ধ থাকায় এখন কীভাবে ঢাকায় যাবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

শেরপুরের গৌরীপুর বাস টার্মিনাল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ আছে

ঢাকার নবাবগঞ্জ এলাকার হুমায়ুন কবীর বলেন, দুই দিন আগে শেরপুরে বেড়াতে এসেছিলেন। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কাল কাজে যোগ দিতে হবে। বাস বন্ধ থাকায় ঢাকায় ফেরা নিয়ে চিন্তায় পড়েছেন তিনি।

শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, বাস-কোচ চালানো বন্ধ রাখার বিষয়ে তাঁদের কোনো নির্দেশনা নেই। চালকেরা নিরাপত্তার কারণ দেখিয়ে বাস চালানো বন্ধ রেখেছেন। এতে তাঁদের করার কিছু নেই।

নাগরিক সংগঠন জন–উদ্যোগের শেরপুর কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, শেরপুর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার একমাত্র মাধ্যম বাস। তাই বাস চলাচল বন্ধ থাকলে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন।