‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করার দুই দিন পর গ্রেপ্তার হলেন বোরহান মাহমুদ। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে বোরহান মাহমুদকে গ্রেপ্তার করা হয়। চেক প্রতারণার একটি মামলায় সাজার চার বছর পর তাঁকে গ্রেপ্তার করা হলো।
এর আগে গত মঙ্গলবার রাতে ফেসবুক অ্যাকাউন্টে নিজের ছবি যুক্ত করে দল থেকে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’
বোরহান মাহমুদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছিলেন।
২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহানের এক বছরের কারাদণ্ড হয়। দণ্ডিত হলেও তিনি প্রকাশ্যে চলাফেরা করতেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
বোয়ালমারী থানা–পুলিশের একটি দল আজ সকালে মধুখালী থানা–পুলিশের সহায়তায় বোরহানকে গ্রেপ্তার করে। এ অভিযানে নেতৃত্ব দেন বোয়ালমারী থানার জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান। তিনি জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে মধুখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দল থেকে পদত্যাগের ব্যাখ্যা দিয়ে বোরহান বলেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দাদপুর ইউনিয়নের বহিষ্কৃত সহসভাপতি ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (স্বতন্ত্র) মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা তাঁকে ‘মবকারী’ আখ্যা দেন। এ কারণেই তিনি দলীয় পদ ছেড়েছেন।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে আজ রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসার ভেতর থেকে ফেসবুকে এক মিনিটের এক ভিডিও বার্তায় বোরহান মাহমুদ অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে একটি মামলায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। বাসায় সন্তানসম্ভবা স্ত্রী ও অসুস্থ মা থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা সাংবাদিকদের বলেন, তিন–চার মাস আগে গোপালগঞ্জের কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাঁদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা নেওয়া হয়। সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে টাকা না দিলে ইটভাটা বন্ধের হুমকি দেন তিনি।
এ ছাড়া বোরহান কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী–২ শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলেন বলেও দাবি করেন সঞ্জয় সাহা। তিনি বলেন, সর্বশেষ গত রোববার ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে বোরহান এক লাখ টাকা চাঁদা দাবি করেন।
বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে তিনি লিখেছেন, বোরহান কিছুদিন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাঁকে তাঁর সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে আজ রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসার ভেতর থেকে ফেসবুকে এক মিনিটের এক ভিডিও বার্তায় বোরহান মাহমুদ অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে একটি মামলায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। বাসায় সন্তানসম্ভবা স্ত্রী ও অসুস্থ মা থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন তিনি।
ভিডিও বার্তায় কারাগার থেকে বের হয়ে খন্দকার নাসিরুল ইসলামের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফরিদপুর–১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন বোরহান মাহমুদ।