শ্রীপুরে ডাকবাংলোর বারান্দায় অবস্থান নেওয়া সেই নারী পেলেন তালাকের খবর
গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানকে নিয়ে ডাকবাংলোর বারান্দায় অবস্থান নেওয়া নাসরিন আক্তার শেষ পর্যন্ত স্বামীর বাড়িতে ফিরতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যস্থতায় গতকাল সোমবার তাঁর স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। তবে গতকাল রাতে মুঠোফোনে স্বামী কবির হোসেন তাঁকে তালাক দেওয়ার খবর জানিয়েছেন।
স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার দাবিতে গত বুধবার থেকে শ্রীপুর উপজেলা ডাকবাংলোর বারান্দায় ১ ও ৪ বছর বয়সী দুই সন্তান নিয়ে অবস্থান নেন নাসরিন আক্তার। তাঁর বাড়ি বাগেরহাট জেলা সদরের অর্জুনবহর গ্রামে। তাঁর স্বামী কবির হোসেন শ্রীপুরের পেলাইদ গ্রামের বাসিন্দা। কবির দ্বিতীয় বিয়ে করে বর্তমানে উপজেলার বহেরারচালা গ্রামে বসবাস করছেন। গত ২০ জুলাই একটি মামলায় জেল খেটে বের হয়ে নাসরিন আক্তার স্বামীর বাড়িতে গিয়ে জানতে পারেন, তাঁর স্বামী কবির হোসেন দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন। তাঁকে ওই বাড়িতে প্রবেশ করতে না দিয়ে তাড়িয়ে দেন স্বামী ও বাড়ির লোকজন।
এ নিয়ে প্রথম আলোয় গত শনিবার সংবাদ প্রকাশের পর বিরোধ মীমাংসার উদ্যোগ নেন শ্রীপুরের ইউএনও। দুই পক্ষের আলোচনার পর নাসরিন আক্তারকে সোমবার স্বামীর বাড়িতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
আজ মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নাসরিন আক্তার শ্রীপুরে তাঁর এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি প্রথম আলোকে বলে, সোমবার সকালে স্বামীর মুঠোফোনে নিজের নম্বর থেকে কল দিয়েছিলেন। কিন্তু সংযোগ পাচ্ছিলেন না। পরে অন্য একটি মুঠোফোন নম্বর থেকে কল দিলে সংযোগ পান। তিনি বুঝতে পারেন, স্বামী তাঁর মুঠোফোন নম্বরটি ‘ব্ল্যাকলিস্টেড’ করে রেখেছেন। স্বামীকে ফোন দিয়ে তিনি সিদ্ধান্ত অনুযায়ী বাড়িতে ফেরার ইচ্ছার কথা জানান। কিন্তু স্বামী তাঁকে তালাক দিয়েছেন বলে জানিয়ে দেন। তবে তালাকনামার কোনো কপি তিনি (নাসরিন আক্তার) হাতে পাননি। নাসরিন আক্তার বলেন, ‘আমি আশায় ছিলাম, সোমবার সন্তান দুটোকে নিয়ে স্বামীর বাড়িতে উঠব। কিন্তু আমাকে ফিরিয়ে না নিয়ে স্বামী তালাকের খবর শোনালেন। এখন আমি কোথায় যাব?’
কবির হোসেন প্রথম আলোকে বলেন, তিনি স্ত্রীর আচরণে নিজের ও পরিবারের অন্য সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই তাঁকে বাড়িতে ফিরিয়ে নেওয়া নিরাপদ মনে করেন না। কবির হোসেন আরও বলেন, শনিবার ইউএনও অফিসে সিদ্ধান্ত হওয়ার কিছুক্ষণ পর নাসরিন আক্তার তাঁর মা ও পরিবারের অন্য সদস্যের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন। এমনকি তাঁকে ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। ফলে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য স্ত্রীকে তালাক দিয়েছেন।
কবির হোসেন আরও বলেন, ‘আমি স্ত্রীকে তালাক দিয়েছি। আমার দুই সন্তানকে আমি আমার কাছে রাখতে চাই। আমার স্ত্রী আমার দুই শিশুসন্তানকে কষ্ট দিচ্ছে।’
এ বিষয়ে শ্রীপুরের ইউএনও তরিকুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘শুনেছি ওই ব্যক্তি স্ত্রীকে ফিরিয়ে না নিয়ে তালাক দিয়েছেন। কাজটি ঠিক হয়নি। মাসুম দুটি বাচ্চা নিয়ে ওই নারী বিপদে পড়েছেন। নারীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অথবা ওই নারী আদালতেও যেতে পারেন।’