‘আন্টির’ সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ পটুয়াখালীর ৪ কিশোরী গাজীপুরে উদ্ধার

নিখোঁজপ্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজ হওয়া চার কিশোরীকে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী মৌচাক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

নিখোঁজ এক কিশোরীর বাবা প্রথম আলোকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর মেয়েসহ চার কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের কালিয়াকৈর থানায় নেওয়া হয়। তিনি আরও বলেন, ‘চারটা দিন চরম উৎকণ্ঠায় ছিলাম। মেয়েসহ চারজনকে ফিরে পেয়েছি, এখন অনেকটা স্বস্তি লাগছে।’

তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই চার কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানান বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। পরে কোনাবাড়ী এলাকায় একটি বাসা ভাড়া নেয়। চাকরির জন্য জীবনবৃত্তান্ত তৈরির সময় পুলিশের নজরে আসে তারা। ওসি আরও বলেন, কিশোরীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

গত রোববার বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি চার কিশোরী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎকণ্ঠায় ছিলেন তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা।

আরও পড়ুন

ঘটনার পর রোববার রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, অন্যজন পাশের একটি বিদ্যালয়ে পড়ে।

এ ঘটনায় গত মঙ্গলবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘তিন দিন ধরে নিখোঁজ চার কিশোরী, একজন ফোনে জানায়, “আন্টির” সঙ্গে বেড়াতে গেছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।