বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ছিল বিরল লজ্জাবতী বানর

রাঙামাটির কাপ্তাই থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান এলাকায়ছবি: বন বিভাগের সৌজন্যে

রাঙামাটির কাপ্তাইয়ে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলাবাগান এলাকা থেকে এটিকে উদ্ধার করা হয়। বানরটির আনুমানিক বয়স দুই বছর। এটি ওই এলাকার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে ছিল।

বন বিভাগ জানায়, বাংলাদেশ বন্য প্রাণী ও সাপ উদ্ধারকারী দলের সদস্য কলাবাগান এলাকার যুবক ইমরান হোসেন প্রথমে বানরটিকে উদ্ধার করেন। এরপর তিনি বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় বানরটিকে নিয়ে আসে। এরপর প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে এটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইকো পার্কের পাশের জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এটি এখন সুস্থ রয়েছে। বানরটি পুরুষ প্রজাতির। পরে এটিকে রাঙ্গুনিয়ার জঙ্গলে ছাড়া হয়েছে।

লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম ‘Nycticebus bengalensis’। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ আইইউসিএনের লাল তালিকায় এ প্রজাতিকে ‘বিপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিশাচর এই প্রাণী সাধারণত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনাঞ্চলে দেখা যায়।