আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ মোহন কলেজের ফটক
ফাইল ছবি

হলের আসনে ওঠা নিয়ে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে কলেজের ফজলুল হক হলে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতরা হলেন ওই হলের আবাসিক ছাত্র মাজহারুল ইসলাম, সোহাগ আলম, তানভীর আহমেদ ও নাহিদ আলম। তাঁদের মধ্যে মাজহারুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, সংস্কারকাজের জন্য কলেজের একাধিক হল বর্তমানে বন্ধ আছে। এ কারণে কাজী নজরুল ইসলাম হল ও ভাষাসৈনিক আবু সালেহ হলের প্রতিটি কক্ষে পাঁচজন করে ছাত্র থাকেন। তবে ফজলুল হক হলের প্রতি কক্ষে চারজন করে ছাত্র থাকেন। গতকাল বৃহস্পতিবার থেকে কলেজ কর্তৃপক্ষ ফজলুল হক হলের প্রতি কক্ষে পাঁচজন করে থাকার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী হলের আসন বরাদ্দ দেওয়া হয়। গতকাল রাতে একজন ছাত্রলীগ নেতা ফজলুল হক হলে ওঠেন। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ বলেন, ‘কয়েক মাস আগে আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটি নিয়েই মূলত ছাত্রলীগের মধ্যে বিভক্তি দেখা দেয়। গতকাল রাতের সংঘর্ষ মূলত সাংগঠনিক বিভক্তির কারণেই। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনন্দ মোহন কলেজের ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজল ও যুগ্ম আহ্বায়ক ওমর। তবে একটি পক্ষ এ আহ্বায়ক কমিটি মানেনি। এ কারণে কলেজ ছাত্রলীগে বিভক্তি। এসবের জের ধরেই হলে আসন বরাদ্দ নিয়ে সংঘর্ষ হয়েছে।

ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজল দাবি করেন, কলেজ ও হল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হলের প্রতিটি কক্ষে পাঁচজন করে থাকবেন। কিন্তু কিছু শিক্ষার্থী এ সিদ্ধান্ত মানতে চাননি। এ নিয়েই সংঘর্ষ হয়।