এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার আসামি মফিজুর রহমান
ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজীতে চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় করা মামলায় এক বছরের সাজা এবং সাড়ে তিন লাখ টাকার অর্থদণ্ড পেয়েছিলেন মো. মফিজুর রহমান (৪৮)। সেই সাজা থেকে বাঁচতে পাঁচ বছর তিনি পালিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েছেন তিনি।

আজ মঙ্গলবার ভোরে ফেনীর লালপুল এলাকার একটি বাসা থেকে মফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মফিজুর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর এলাকার মনির আহমদের ছেলে।

থানা-পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালে চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মফিজুর রহমানের বিরুদ্ধে ফেনীর আদালতে একটি মামলা হয়। ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। কিছুদিন পর জামিনে বের হয়ে তিনি গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান, আর আদালতে হাজির হননি। শুনানি শেষে আদালত মফিজুরকে এক বছরের কারাদণ্ড ও সাড়ে তিন লাখ টাকা অর্থদণ্ড দেন।

সোনাগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রিমন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর পুলিশ মফিজুরের খোঁজে মাঠে নামে। কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এক মাস আগে স্থানীয় এক ব্যক্তি তাঁর খোঁজ দেন। ঈদের দিন সেই ব্যক্তির মাধ্যমে পুলিশ জানতে পারে যে তিনি বাড়িতে এসেছেন। দিনে বাড়িতে অবস্থান করলেও রাতে তিনি ফেনীর লালপুল এলাকায় তাঁর এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন সাজাপ্রাপ্ত মফিজুর রহমানকে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেন।