যশোরের অভয়নগর
কর্মসংস্থানের শ্রমিক দিয়ে চলছে কাবিখার কাজ
ইউপি সদস্য অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক দিয়ে কাবিখা প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ করিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে পাশাপাশি দুটি প্রকল্পের কাজ চলছে। একটি কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং অন্যটি অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি)। দুটি প্রকল্পের সভাপতি শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক। এই সুযোগে তিনি অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক দিয়ে কাবিখা প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ করিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে ‘শংকরপাশা রবিউল মোড়লের বাড়ি থেকে সোবহানের বাড়ির সামনের রাস্তা মাটি দিয়ে সংস্কার প্রকল্প’ নেওয়া হয়। ৪০ দিন ধরে ১৪ জন অতিদরিদ্র শ্রমিক দিয়ে কাজটি করানোর কথা। প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ ২ লাখ ২৪ হাজার।
একই অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় ৫ মেট্রিক টন ৪৫০ কেজি খাদ্যশস্য ব্যয়ে ইউনিয়নের শংকরপাশা গ্রামে ‘শংকরপাশা রুহুল শেখের বাড়ি থেকে শাহিনের বাড়ির সামনের মাটির রাস্তা সংস্কার করে ইটের সলিং নির্মাণ প্রকল্প’ হাতে নেওয়া হয়। রাস্তার দৈর্ঘ্য ৫৬০ ফুট এবং প্রস্থ ৭ দশমিক ৫০ ফুট। আলাদা শ্রমিক দিয়ে এ কাজটি করানোর কথা।
শ্রমিকদের সর্দার সাঈদ মুন্সী প্রথম আলোকে বলেন, ‘৪০ দিনের কাজের শ্রমিক আমরা। ১৪ জন শ্রমিকের কাজ করার কথা থাকলেও আজ (গত রোববার) ১২ জন শ্রমিক কাজ করছেন। মেম্বার আমাদের খুব ভালো করে কাজ করতে বলেছেন। আমরা সেভাবে কাজ করছি। তাঁর কথামতো আমরা আরেকটি প্রকল্পে একদিন দুই ঘণ্টা মাটি ফেলার কাজ করেছি।’ আরেক শ্রমিক হাসিলা বেগম বলেন, ‘আমরা একটু দূরে দুই ঘণ্টা একটি রাস্তার পাশে মাটি ফেলার কাজ করেছি। পরে মেম্বার আমাদের সেখান থেকে উঠায়ে এনে এই রাস্তায় কাজ করতে বলেছেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য এনামুল হক বলেন, ‘গত বুধবার কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের দিয়ে আমি কাবিখা প্রকল্পের রাস্তায় এক ঘণ্টা মাটি ফেলার কাজ করিয়েছি। পিআইও (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সাহেব নিষেধ করলে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছি। আমি নতুন মানুষ। বুঝতে পারিনি। কিছু ভুলত্রুটি হয়েছে। ভবিষ্যতে এগুলো আর হবে না।’
গত রোববার শংকরপাশা গ্রামে গিয়ে দেখা যায়, কর্মসংস্থান কর্মসূচির আওতায় মাটি দিয়ে সড়ক সংস্কার প্রকল্পের কোনো সাইনবোর্ড নেই। প্রকল্পে ১৪ জন শ্রমিকের পরিবর্তে ১২ জন শ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে চারজন নারী এবং আটজন পুরুষ। তাঁরা পাশের জমি থেকে কোদাল দিয়ে মাটি কেটে বাঁশের ঝুঁড়িতে ভরে মাথায় করে সড়কে ফেলছিলেন।
কাবিখা কর্মসূচির আওতায় মাটি ফেলে সড়ক সংস্কার করে ইটের সলিং নির্মাণ প্রকল্প এলাকায় গিয়েও কোনো সাইনবোর্ড চোখে পড়েনি। প্রায় ২১০ ফুট সড়কে ইট বিছানো হয়েছে। সড়কটির প্রস্থ প্রায় ছয় ফুট। ইট বিছানোর পর ঠিকমতো বালু দেওয়া হয়নি। সড়কের দুই পাশে মাটি দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য অভয়নগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি ধরেননি। মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি তাঁর।
অভয়নগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, প্রকল্পের বিস্তারিত উল্লেখ করে সাইনবোর্ড থাকতে হবে। কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের দিয়ে অন্য প্রকল্পের কাজ করানোর কোনো সুযোগ নেই। এবার প্রকল্পের কাজ শুরু করতে বেশি সময় পাওয়া যায়নি। তড়িঘড়ি করে কাজ করতে গিয়ে সাইনবোর্ড দেওয়া হয়নি। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে যে শ্রমিকেরা কাজ করছেন, শুধু তাঁরাই মজুরি পাচ্ছেন। ওই শ্রমিকদের দিয়ে কাবিখা প্রকল্পের কাজ করা হয়েছে কি না, তা তিনি জানেন না।
এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। তিনি বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রকিদের দিয়ে অন্য প্রকল্পের কাজ করানো যাবে না।