রংপুরের পীরগঞ্জে বিদ্যালয়ের নির্বাচন ঘিরে সংঘর্ষে প্রাণ গেল শিক্ষার্থীর
রংপুরের পীরগঞ্জে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ঘিরে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের খেতাবেরপাড়া উচ্চবিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত শিক্ষার্থীর নাম রমজান আলী ওরফে আকাশ (১৪)। সে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) দেবাশীষ রায় জানান, দুই পক্ষের সংঘর্ষে থানার ওসি, দুই উপপরিদর্শক (এসআই), এক কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, খেতাবেরপাড়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচন ঘিরে আজ সকাল থেকে প্রধান শিক্ষক নুরন্নবী তালুকদার ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠির আঘাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রমজান মারা যায়।
এ সময় পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল ও প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওসি আবদুল আউয়ালসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।