সরাইল টানা ২০ ঘণ্টা বিদ্যুৎবিহীন, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ২০ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। গতকাল রোববার রাত ১১টার দিকে প্রথমে উপজেলার সদর ইউনিয়নের একাংশ ও ছয়টি ইউনিয়নের বিদ্যুৎ চলে যায়। এরপর একে একে অন্য এলাকাগুলোও বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। আজ সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত বিদ্যুৎ আসেনি।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে এমনটা হয়েছে দাবি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃপক্ষ বলছে, সমস্যা কোথায় তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

এভাবে টানা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে আছেন উপজেলার বাসিন্দারা। শাহজাদাপুর গ্রামের বাসিন্দা মামুন খান প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন অসংখ্যবার বিদ্যুৎ চলে যায়। রোববার রাতে বিদ্যুৎ চলে গেছে, আজ রাত সাতটায়ও আসেনি। দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকায় আমরা অসহায় হয়ে পড়েছি।’

সরাইল উপজেলা ফার্নিচার মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মৃধা প্রথম আলোকে বলেন, ‘একদিকে প্রতিদিন ঘন ঘন লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, অন্যদিকে দীর্ঘ সময় বিদ্যুৎবিহীনতার কারণে ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে।’

উপজেলার নয়টি ইউনিয়নের অন্তত ৩০ জন বাসিন্দার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা বলেন, উপজেলায় গতকাল দিবাগত রাত ১২ থেকে হালকা মাত্রার বৃষ্টিপাত শুরু হয়। এর এক ঘণ্টা আগে বিউবোর আওতাধীন পানিশ্বর, চুন্টা, শাহজাদাপুর, শাহবাজপুর, কলীকচ্ছ ইউনিয়নের পুরোটা এবং নোয়াগাঁও ও সদর ইউনিয়নের একাংশের বিদ্যুৎ চলে যায়। সদর ইউনিয়নের অপর অংশে চলতে থাকে লোডশেডিং।

সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের ওই অংশ, পাকশিমুল ও নোয়াগাঁওয়ে ইউনিয়নের অপর অংশের বিদ্যুৎও চলে যায়। অরুয়াইল ইউনিয়নের বিদ্যুৎ চলে যায় বেলা দুইটার দিকে। পাকশিমুল, নোয়াগাঁওয়ের একাংশ ও অরুয়াইল ইউনিয়ন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এবং অপর এলাকাগুলো বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন।

সরাইল শতভাগ বিদ্যুৎ–সুবিধার আওতায় আসা একটি উপজেলা। উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত ১১টার পর থেকে বিদ্যুৎ নেই, বারবার ফোন দিলেও কর্তৃপক্ষ ধরেন না। বিদ্যুতের বিষয়ে কোনো তথ্যও জানতে পারছি না। লোকজনকেও কিছু বলতে পারি না। এখানে সামান্য বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়।’  

এ বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপজেলা কার্যালয়ে কল করা হলেও কেউ কথা বলতে রাজি হননি। বিউবোর সরাইল উপজেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘এখানে এক দিকে চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছি। কাজ চলছে।’