চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে রামবিলাস চৌধুরীকে ৭ বছর ও কলাবতী চৌধুরীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার গৌরীমারী ধুমবালু কলোনির রামবিলাস চৌধুরী (৫৫) ও তাঁর স্ত্রী কলাবতী চৌধুরী (৪৫)।

অস্ত্র মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত সরকারি কৌঁসুলি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ৬ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের ময়ামারি গ্রামে অভিযান চালিয়ে রামবিলাস চৌধুরী ও কলাবতী চৌধুরীকে গ্রেপ্তার করে র‍্যাব। তখন কলাবতী চৌধুরীর কাছে থাকা ব্যাগ থেকে একটি বিদেশি অস্ত্র, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাবের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বাদী হয়ে অস্ত্র আইনে ভোলাহাট থানায় একটি মামলা করেন।