কুমিল্লার সাবেক সংসদ সদস্য আনোয়ার উল আজিম মারা গেছেন

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিমছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিম মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আনোয়ার উল আজিম স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

আনোয়ার উল আজিম বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো কুমিল্লা-৯ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সাল পর্যন্ত ওই আসন থেকে দলটির মনোনয়ন পান তিনি। তাঁর মৃত্যুতে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আজ শনিবার সকালে লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনির আহমেদ বলেন, গত পরশু রাজধানীর দক্ষিণ কাফরুলের বাড়িতে বাথরুমে পড়ে গুরুতর আঘাত পান আনোয়ার উল আজিম। এতে তাঁর নাক ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাঁকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। ‍তাঁর মৃত্যুতে কুমিল্লা-৯ আসনে বিএনপির নেতা-কর্মীসহ সবাই একজন বিশ্বস্ত অভিভাবক হারালেন।

মনির আহমেদ জানান, আজ সকালে ঢাকার মহাখালী নিউ ডিওএইচএসে ও দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা হয়েছে। এরপর তাঁর মরদেহ কুমিল্লায় আনা হবে। এখানেও তাঁর একাধিক জানাজা হবে। মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শরিফপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।