ফতুল্লায় পাইলিং মেশিনের তার ছিঁড়ে লোহার পাইপ পড়ে শিশু নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিং মেশিনের লোহার পাইপ ভেঙে পড়ে মুনতাসীর ইসলাম হামজা ওরফে ইয়াছিন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজনগর এলাকার মো. রুবেলের ছেলে। তার পরিবার ইসদাইর বুড়ির দোকান এলাকায় ডাক্তার মুল্লিকের ভাড়া বাসায় থাকে। রুবেল জানান, তাঁর ছেলে রুটি কিনতে যাওয়ার সময় পাইলিং মেশিনের লোহার পাইপ ভেঙে পড়ে তার ওপর। এতে তার ছেলের মৃত্যু হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ওই এলাকায় একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ পাইলিং মেশিনের তার ছিঁড়ে লোহার পাইপ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় শিশু ইয়াছিন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণাধীন ভবনের পাইলিং কাজের সময় কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়নি। জানা গেছে, নির্মাণাধীন কাজটির জমির মালিক মিজান এবং ঠিকাদার বাবুল।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করলে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।