নারায়ণগঞ্জে এনায়েতনগর ইউপির চেয়ারম্যান-সদস্যদের অপসারণের দাবিতে বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউপি কার্যালয়ের সামনে চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের দাবিতে বিএনপির বিক্ষোভ। সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের দাবিতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে ‘এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মাহমুদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান, সহসভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ, সহসভাপতি রোজিনা আক্তার, বিএনপি নেতা মিজানুর রহমান, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এনায়েতনগর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান এবং সব সদস্য আওয়ামী লীগের দোসর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হওয়া মামলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে একজনকে দায়িত্ব দেওয়ার বিধান থাকলেও সবাই আওয়ামী লীগের দোসর। তাঁরা দিনের ভোট রাতে করে চেয়ারম্যান-মেম্বর হয়েছেন। এই অবৈধ নির্বাচনের মেম্বর-চেয়ারম্যানদের জনগণ কিছুতেই মেনে নেবেন না। তাঁরা বিগত আমলে লুটপাট করেছেন, নতুন করে আবার লুটপাট করবেন, সেই সুযোগ জনগণ আর দেবেন না। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের কোনো দোসরকে না দিয়ে সরকারিভাবে একজন প্রশাসক নিয়োগ দেওয়ার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, যাঁরা এসি রুমে বসে চিন্তাভাবনা করছেন, আওয়ামী লীগের দোসর একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে ফায়দা লুটে নেবেন, সেই সুযোগ এনায়েতনগর ইউনিয়নের জনগণ কিছুতেই দেবেন না। অবিলম্বে আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান ও মেম্বরদের অপসারণ করে একজন প্রশাসক নিয়োগ দেওয়ার দাবি তাঁদের। নইলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।