সড়কের পাশের পিলারে ধাক্কা খেল দ্রুতগতির মোটরসাইকেল, কিশোরের মৃত্যু

নিহত কিশোর সাজ্জাদ হোসেনছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের সত্তারঘাট এলাকায় হাটহাজারী-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

নিহত কিশোরের নাম সাজ্জাদ হোসেন (১৭)। সে উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার শামসুল আলমের ছেলে। হাটহাজারী পৌরসভা এলাকার একটি মুঠোফোন বিক্রির দোকানের কর্মচারী ছিল সে।

হাইওয়ে পুলিশ জানায়, রাতে সাজ্জাদ তার বন্ধু তানভিরসহ দ্রুতগতিতে মোটরসাইকেলটি নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিল। সত্তারঘাট এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় সাজ্জাদ ও তার বন্ধু তানভির। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা হয়েছে। এতে একজনের মৃত্যু হয়, আরেকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।