বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩ মামলা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গতকাল বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপির মিছিলে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে। মামলার পর পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাতুল নাঈম, দক্ষিণ জেলা মহিলা দলের সহসম্পাদক ও বাঁশখালী পৌর মহিলা দলের সভাপতি শরাবন তাহুরা ফেরদৌস, বিএনপির কর্মী মো. পারভেজ, মো. এমরান ও মো. যোবায়ের।

আরও পড়ুন

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় তিন মামলায় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গতকাল বিকেলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় দুই নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে বাঁশখালী উপজেলা বিএনপি। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশটি ডাকা হয়। পরে সমাবেশ না করে উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগুরি এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাঁশখালী সড়কে ওঠার সময় পুলিশ বাধা দেয়। তখন দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনসহ ৪০ জন আহত হন।