ফুফুর হাত ছেড়ে দৌড়, অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

তিন বছরের ছেলেশিশু আরাফাত ওরফে রাফি তার ফুফুর সঙ্গে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হেঁটে বাড়ির পাশের একটি বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ ফুফুর হাত ছেড়ে দৌড়ে সড়কের মাঝখানে চলে যায় সে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া আরাফাত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী গ্রামের কামাল সরকারের ছেলে। গতকাল রাতেই তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরাফাতের ফুফু তানিয়া আক্তার বলেন, কিছু বোঝার আগেই তাঁর ভাতিজা হাত ছেড়ে সড়কের ওপর দিয়ে দৌড় দেয়। তার হাতটি শক্তভাবে ধরে রাখলে হয়তো এমন ঘটনা ঘটত না। এই শোক ও কষ্ট সহ্য করার মতো নয়।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন বলেন, অটোরিকশাচালককে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ কেউ করেননি।