বিমানবন্দরে গাড়ি নিয়ে থাকতেন চালক সেজে, পরে লুটে নিতেন প্রবাসীদের সর্বস্ব
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে অবস্থান করতেন আলামিন শেখ (৩১)। বিদেশ থেকে ফেরা প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নিতেন। পরে পরিকল্পনা অনুযায়ী প্রবাসীদের টাকা, মুঠোফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে তাঁদের বিভিন্ন স্থানে নামিয়ে দেওয়া হতো।
দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা ও ছিনতাইয়ের মাধ্যমে অনেক প্রবাসীর সর্বস্ব কেড়ে নেন আলামিন। অবশেষে আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরে এ বিষয়ে জানাতে সন্ধ্যায় গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, আলামিন শেখের ঘর থেকে ১টি চায়নিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার চাকু, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ১৫টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ৩টি আইফোন, ৪টি ট্যাব, ৭টি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট ও বাংলাদেশি ১ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন শেখ দীর্ঘদিন ধরে রাজধানীর বিমানবন্দর এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ছয়টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, গোয়েন্দা শাখার পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন মুকসুদপুর থানার হরিশ্চর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮০০টি ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ডিবির অপর একটি দল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার।