কুমারখালীতে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল নবজাতকের বস্তাবন্দী লাশ

নবজাতকের লাশ ঘিরে মানুষের ভিড়। আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খাগড়বাড়িয়া গ্রামেছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমারখালী উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুমারখালীর পান্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, সড়কের ধারেই আজিজুর রহমান নামের এক ব্যক্তির বড় একটি পুকুর রয়েছে। সেখানে কয়েকজন ছেলে হাত দিয়ে মাছ ধরছিল। সে সময় একজনের হাতে একটি ভারী বস্তা উঠে আসে। তখন তারা ভেবেছিল, বস্তায় মাছ আছে। কিন্তু বস্তার মুখ খুলে দেখা যায়, এক মেয়ে নবজাতকের লাশ। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ভিড় করেন এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়। তিনি বলেন, নবজাতকটির ওজন প্রায় দুই কেজি। কেউ হয়তো তাকে বস্তায় ভরে পুকুরে ফেলে গেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত নবজাতকের পরিচয় জানা যায়নি।