দ্বন্দ্বের কারণে সম্মেলন হয় না

এক অংশের নেতৃত্ব দিচ্ছেন সাজেদাপুত্র শাহদাব আকবর চৌধুরী। অপর পক্ষের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল হোসেন মিয়া।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহদাব আকবর চৌধুরী ও জামাল হোসেন মিয়া

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না ১০ বছর ধরে। দলীয় নেতৃত্বের মধ্যে দ্বন্দ্বের কারণে সম্মেলন হচ্ছে না বলে স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন। ফলে দলীয় রাজনীতিতে একরকম স্থবিরতা নেমে এসেছে।

নেতা-কর্মীরা জানান, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্বের সূত্রপাত জাতীয় সংসদের সাবেক উপনেতা প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর দুই ছেলে আয়মন আকবর চৌধুরী ও শাহদাব আকবর চৌধুরীর দ্বন্দ্বকে ঘিরে। সৈয়দা সাজেদা চৌধুরী ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য থাকলেও এখানকার স্থানীয় রাজনীতি দেখতেন তাঁর দুই ছেলে। বর্তমানে স্থানীয় আওয়ামী লীগের এক অংশের নেতৃত্ব দিচ্ছেন সাজেদা চৌধুরী ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক জামাল হোসেন মিয়া। জামাল হোসেন মিয়া মূলত সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর চৌধুরীর সঙ্গে রাজনীতি করতেন। বর্তমানে আয়মন আকবর চৌধুরী ছোট ভাই শাহদাবের কাছে কোণঠাসা হয়ে রাজনীতি থেকে অনেকটা নির্বাসিত।

নগরকান্দা আওয়ামী লীগ আমার নেতৃত্বে একতাবদ্ধ। বড় দল হিসেবে গ্রুপিং থাকবে, সবাই নিজের মূল্যায়ন চাইবে। তবে নির্বাচনে নৌকা প্রতীক যিনি পাবেন, ভেদাভেদ ভুলে সবাই তাঁর সঙ্গে কাজ করবেন।
শাহদাব আকবর চৌধুরী, সংসদ সদস্য, ফরিদপুর-২ আসন

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের শেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের জানুয়ারিতে। ওই সম্মেলনের মাধ্যমে ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। সভাপতি নির্বাচিত হন আয়মন আকবর চৌধুরী। তবে দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াইয়ে পরাস্ত হয়ে আয়মন আকবর ২০১৭ সালের মাঝামাঝিতে এলাকা ও রাজনীতি থেকে নির্বাসিত হন। ১০ বছর আগে ঘোষিত ওই কমিটির অন্তত ১০ জন নেতা মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় ভারপ্রাপ্ত ব্যক্তি দিয়ে সভাপতির কর্মকাণ্ড চালানোর কারণে উপজেলার আওয়ামী রাজনীতিতে স্থবিরতা নেমে এসেছে।

গত তিন বছরে চার দফা এ উপজেলার সম্মেলনের তারিখ ঘোষণা দিয়েও পরে তা পেছাতে হয়েছে নানা কারণ ও অজুহাতে। মূলত আসল কারণ শাহদাব ও জামালের রাজনৈতিক দ্বন্দ্ব। ২০১৯ সালের ১৬ নভেম্বর নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নগরকান্দার মাহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়। স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ওই সম্মেলনে শাহদাবকে সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে শাহদাবের মনোনীত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী বাবুলকে সাধারণ সম্পাদক করার উদ্যোগ নেওয়া হয়। সাজেদার বড় ছেলে আয়মন আকবর ও জামাল হোসেন মিয়ার তৎপরতায় শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়।

এরপর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। তবে সৈয়দা সাজেদা চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে সম্মেলনের চার দিন আগে ৮ সেপ্টেম্বর স্থগিত করা হয়। গত বছরের ১১ সেপ্টেম্বর রাতে মারা যান সাজেদা চৌধুরী।

সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ৫ নভেম্বর। উপনির্বাচনে সাজেদা চৌধুরীর ছোট ছেলে নৌকার প্রার্থী শাহদাবের বিপরীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হন জামাল হোসেন মিয়া। নির্বাচনের আগে ১৮ অক্টোবর জামাল হোসেনকে ঢাকায় ডেকে নেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। ‘দল ও নৌকার স্বার্থে’ তাঁকে মনোনয়ন প্রত্যাহার করতে বলেন। এতে জামাল হোসেন রাজি হন। এরপর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের উপস্থিতিতে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ২০ নভেম্বর নির্ধারণ করা হয়। ওই সভায় জামালকে উপজেলার আওয়ামী লীগের বড় একটি পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি তাঁকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব করা হয়।

পরে সম্মেলনের তারিখ পিছিয়ে ২৩ নভেম্বর ধার্য করা হয়। এ সম্মেলনের জন্য পোস্টার, ব্যানার, তোরণ করা হয়। তবে ২২ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী মরহুম গোলাম আকবর চৌধুরীর মৃত্যুবার্ষিকী ২৩ নভেম্বর হওয়ায় সম্মেলনের তারিখ সাময়িক পরিবর্তন করা হলো। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।

দল ক্ষতিগ্রস্ত হচ্ছে

নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১২ জন নেতা-কর্মী বলেন, বরাবরই নগরকান্দায় আওয়ামী লীগ ও বিএনপি হাড্ডাহাড্ডি অবস্থায় রয়েছে। সাজেদা চৌধুরী অসুস্থ হওয়ার পর থেকে এ উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিতে গতি নেই। উপজেলা আওয়ামী লীগের নেতারা দুই ভাগে বিভক্ত। বিশেষত গত ইউপি নির্বাচনে মনোনয়ন–বাণিজ্য হয়েছে, নিবেদিতপ্রাণ অনেক নেতাকে মনোনয়ন দেওয়া হয়নি। এতে উপজেলায় দলের ক্ষতি হয়েছে।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী প্রথম আলোকে বলেন, নগরকান্দা আওয়ামী লীগ তাঁর নেতৃত্বে একতাবদ্ধ। তবে গত ইউপি নির্বাচনের সময় কিছু সমস্যা হয়েছিল, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তিনি বলেন, কিছু নেতা তিনি এলাকায় গেলে সরব হন, এ অভিযোগ সত্য। তবে তাঁরা সংখ্যায় কম। অনেক নেতাই দলের পক্ষে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বড় দল হিসেবে গ্রুপিং থাকবে, সবাই নিজের মূল্যায়ন চাইবে। তবে নির্বাচনে নৌকা প্রতীক যিনি পাবেন, সবাই তাঁর সঙ্গে কাজ করবেন।

বক্তব্য জানতে জামাল হোসেন মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি ফোন ধরেননি। তবে তাঁর ভাই তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, জামালের সঙ্গে তালমা, রামনগর, পুরোপাড়া ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যানরা এবং অন্তত আরও চারটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানরা একতাবদ্ধ। শাহদাবের আচরণে এলাকাবাসী ক্ষুব্ধ। তাঁর প্রতি সর্বস্তরের মানুষের আস্থা নেই, তিনি জনবিচ্ছিন্ন।