গোপালগঞ্জ থেকে ছিনতাই হওয়া গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক মুন্সিগঞ্জে উদ্ধার, গ্যাস উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে গ্যাসভর্তি সিলিন্ডারবোঝাই ট্রাকটি ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা অতিক্রম করে
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৫৯৬টি গ্যাসভর্তি সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই হয়েছিল গত বুধবার রাতে। আজ শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকা থেকে ওই ট্রাকটি উদ্ধার করেছে কাশিয়ানী থানার পুলিশ। তবে ট্রাকটি উদ্ধারের সময় কোনো সিলিন্ডার পাওয়া যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এর আগে বুধবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলতলা বাজার থেকে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি ছিনতাই হয়। ৫৯৬টি সিলিন্ডারসহ এই গ্যাসের বাজারমূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ছিনতাই হওয়া গ্যাস সিলিন্ডারগুলোর মালিক কাশিয়ানী উপজেলার বেলতলা বাজারের ব্যবসায়ী মামুন মুন্সী। ভাড়াচালিত ট্রাকটি চালাচ্ছিলেন কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের রাজ্জাক কাজীর ছেলে ইমরুল কাজী।

পুলিশ ও মামুন মুন্সীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বেলতলা বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোংলা থেকে ৫৯৬টি বোতল ওমেরা কোম্পানির গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি নিয়ে ইমরুল কাজী রাত পৌনে ১২টার দিকে বেলতলা বাজারে পৌঁছান। পরে ট্রাকটি সড়কের পাশে রেখে ইমরুল কাজী বাড়িতে যান। এই সুযোগে ছিনতাইকারীরা বাজারের পাহারাদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ট্রাকটি ঢাকার দিকে রওনা হয়ে দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা অতিক্রম করে। এই সূত্র ধরে পুলিশ ট্রাকটি উদ্ধারে অভিযান শুরু করে।

আজ দুপুরে ট্রাকটি উদ্ধার হলেও সিলিন্ডারের বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ। সিলিন্ডারগুলোর মালিক মামুন মুন্সীর মুঠোফোনে আজ দুপুরে একাধিকবার কল দেওয়া হলেও মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আহম্মেদ বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম গতকাল বৃহস্পতিবার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯৮ টাকা।