গাজীপুরে সুজন নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গাজীপুরে সুজন নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির নেতারা। আজ শনিবারছবি: প্রথম আলো

সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর নেতা কামরুজ্জামান মোল্লা হত্যার বিচার দাবিতে গাজীপুরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুজন গাজীপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

নিহত কামরুজ্জামান মোল্লা (৬৫) নগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সুজনের জেলা শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন এবং তাঁর ঠিকাদারি ব্যবসা ছিল।

মানববন্ধনে বক্তারা বলেন, কামরুজ্জামান মোল্লা একজন সৎ, সজ্জন ও প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নাগরিক সচেতনতা বৃদ্ধি, সুশাসনের প্রতিষ্ঠা ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। এমন একজন সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের নেতার হত্যাকাণ্ড তাঁর পরিবারের জন্য নয়; বরং সমগ্র সমাজের জন্য গভীর উদ্বেগ ও বেদনার বিষয়।

বক্তারা আরও বলেন, দেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। প্রতিনিয়ত চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা অবিলম্বে কামরুজ্জামান মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘আমরা তদন্তকাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি, দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’