স্বামীর মৃত্যুর পর কখনো পিঠা, কখনো শিঙাড়া বেচে সংসার চালান জহুরুন
যশোর শহরের রাঙামাটি গ্যারেজ এলাকার বুক চিরে চলে যাওয়া অম্বিকা বসু লেনের পাশে এক চালার একটি টিনের ঘর। ঘরের সামনের দিক খোলা। ঘরের ভেতরে এক সারিতে মাটির তৈরি পাঁচটি চুলা। পরপর চারটি চুলায় তৈরি হচ্ছে চিতই, একটি চুলায় ভাপা পিঠা। সেই পিঠা রাখা হচ্ছে অ্যালুমিনিয়ামের বড় দুই গামলায়। সেখান থেকে ছোট থালায় করে পিঠা তুলে দেওয়া হচ্ছে ক্রেতার হাতে। কেউ খাচ্ছেন, কেউ বাড়ি নিয়ে যাচ্ছেন। ১৯ বছর ধরে এভাবে পিঠা তৈরি করে যাচ্ছেন জহুরুন নেসা (৬৫)।
গতকাল রোববার সন্ধ্যায় পিঠা তৈরির ফাঁকে জহুরুন নেসা বলেন, তাঁদের বাড়ি ছিল যশোরের বাঘারপাড়া উপজেলার হাসানপুর গ্রামে। ২২ বছর আগে মারা যান স্বামী আশরাফ আলী মোল্যা। দুই ছেলে ও এক মেয়ে তখন ছোট। তাঁদের নিয়ে বিপাকে পড়েন জহুরুন নেসা। ছেলেমেয়েদের নিয়ে চলে আসেন যশোর শহরে। শুরু করেন বাসাবাড়িতে ঝিয়ের কাজ। এরপর শীতকালে ছেলে আজিজুর রহমানকে সঙ্গে নিয়ে যশোর শহরের বারান্দীপাড়া কদমতলা মোড়ে চার কেজি চালের গুঁড়া নিয়ে পিঠা তৈরি করে বিক্রি শুরু করেন তিনি। এখন তিনি শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন। শীতের তিন মাস পিঠা বিক্রি করেন। বাকি সময় শিঙাড়া, পুরি, লুচি ভেজে বিক্রি করেন। তবে ১২ মাসই চা বিক্রি করেন তিনি।
জহুরুন নেসা বলেন, ‘আমি চিতই পিঠা বানাই আর ছেলে আজিজুর রহমান বানায় ভাপা পিঠা। এখন ভালোই চলছে। ছেলে, বউমা, নাতি-নাতনিদের নিয়ে খেয়ে-পরে ভালোই আছি।’
জহুরুনের ছেলে আজিজুর রহমান (৩৫) বলেন, প্রতিদিন চিতই পিঠার জন্য ৩০ কেজি আতপ চালের গুঁড়া আর ভাপা পিঠার জন্য ১৫ কেজি সেদ্ধ চালের গুঁড়া লাগে। ভাপা পিঠার জন্য ২৫টি নারকেল আর ১২ কেজি খেজুরের গুড়ের পাটালি লাগে। চিতই পিঠার সঙ্গে চিংড়ি ভর্তা ও শুকনো ঝালের চাটনি দেওয়া হয়। পাশাপাশি ধনেপাতা, জিরা, কাঁচা মরিচ ও শর্ষের ভর্তা আছে। এগুলোর জন্য দাম নেওয়া হয় না। বেলা দুইটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত পিঠা তৈরি ও বিক্রি চলে। এক কেজি চালের গুঁড়ায় ভাপা হয় ২০টি আর স্পেশাল ভাপা হয় ২৫টি। স্পেশাল ভাপার ক্ষেত্রে পাটালি ও নারকেলের কোরা লাগে বেশি। অন্যদিকে প্রতি কেজি চালের গুঁড়ায় চিতই পিঠা হয় ১৫টি। একটি চিতই পিঠা ১০ টাকা, ভাপা পিঠা ১৫ টাকা এবং স্পেশাল ভাপা ২০ টাকায় বিক্রি করা হয়। পিঠার দোকানের জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকা ভাড়া আর বিদ্যুৎ বিল ২০০ টাকা দিতে হয়।
দোকানে দাঁড়িয়ে পিঠা খাচ্ছিলেন শহরের বেজপাড়া এলাকার ব্যবসায়ী কবিরুল ইসলাম। তিনি বলেন, ‘ছয় বছর ধরে শীতকালে প্রায়ই সন্ধ্যায় এখানে পিঠা খেতে আসি। আজ দুটো চিতই ও দুটো ভাপা পিঠা খেয়েছি।’
পিঠা নিতে আসা রাঙামাটি গ্যারেজ এলাকার গৃহবধূ অঙ্কুর বেগম বলেন, ‘জহুরুন নেসার পিঠা খুব ভালো। ১০টি চিতই কিনেছি। বাড়িতে মুরগির মাংস দিয়ে এই পিঠা খাব।’