ফরিদপুরে হঠাৎ মেহগনিগাছ ভেঙে পড়ল তিনটি ইজিবাইকের ওপর

ফরিদপুর শহরের মুজিব সড়কের ওপর একটি মেহগনিগাছ তিনটি ইজিবাইকের ওপর ভেঙে পড়ে। আজ বৃহস্পতিবারছবি: প্রথম আলো

ফরিদপুর শহরের মুজিব সড়কের ওপর একটি মেহগনিগাছ ভেঙে পড়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনটি ইজিবাইকের যাত্রীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের নীলটুলি মহল্লায় অবস্থিত ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের একতলা ভবনের পেছনে অবস্থিত গাছটি তিনটি ইজিবাইকের ওপর পড়ে। তবে সৌভাগ্যক্রমে ইজিবাইকের কোনো যাত্রী আহত হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের একতলা ভবনের পেছনে একটা দেয়াল ছিল। দেয়ালটা পুরোনো হয়ে যাওয়ায় তা ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে বর্তমানে নতুন করে দেয়াল নির্মাণের কাজ চলছে। দেয়াল নির্মাণের জন্য গাছের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলা হয়। ফলে আজ সকালে দেয়াল নির্মাণের কাজ করার সময় গাছের গোড়া হালকা হয়ে যাওয়ার কারণে গাছটি তিনটি ইজিবাইকের ওপর পড়ে যায়।

ইজিবাইকচালক মামুন মিয়া বলেন, ‘বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎই গাছটি আমারসহ পাশের আরও দুটি ইজিবাইকের ওপর ভেঙে পড়ে। এতে আমার ও চুন্নু ব্যাপারীর ইজিবাইকের ছাদ ভেঙে ব্যাপক ক্ষতি হয়; পাশাপাশি তুষার ব্যাপারীর ইজিবাইকের ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ইজিবাইকের ক্ষতি হলেও যাত্রী বা আমাদের চালকদের কিছুই হয়নি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, মেহগনিগাছটি ৩০ থেকে ৩৫ ফুট লম্বা এবং ৫ থেকে ৬ ফুট প্রস্থ ছিল। গাছটি সড়কের ওপর পড়ে ইজিবাইক ক্ষতিগ্রস্ত হলেও মানুষের কোনো ক্ষতি হয়নি। সড়কে আড়াআড়িভাবে গাছটি পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে খুব দ্রুততম সময়ে গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ফরিদপুরের সিভিল সার্জন ও ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান বলেন, ‘কাজটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এ কাজের সঙ্গে জড়িত ঠিকাদার ও প্রকৌশলীদের আমি তলব করেছি। তাঁরা জানিয়েছেন, তাঁরা ভাবতে পারেনি গাছটি এভাবে পড়ে যাবে। তবে তাঁদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে; পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ক্ষতিগ্রস্ত তিন ইজিবাইকচালককে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে বলে আমাকে কথা দিয়েছে।’