ফরিদপুরে ‘বাবা–ছেলেকে পেটাতে উৎসাহ দিতে থাকা’ নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালী উপজেলায় ১৫ বছরের এক কিশোর ও তার বাবাকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে ৮-১০ জন পেটাচ্ছেন। কিশোরটি ব্যথায় চিৎকার করছে। ওই সময় এক নারী পাশে হুমকি দিচ্ছেন এবং প্রতিবার পেটানোর সময় নামতা পড়ে উৎসাহ দিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিল গত ২৫ মার্চ।

ঘটনার দুই মাস পর ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রুমা বেগম (৩৫)। তিনি উপজেলার জাহাপুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামের বাসিন্দা।

মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বুধবার বিকেলে রুমার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ডের শুনানির দিন পরে ধার্য করার সিদ্ধান্ত দিয়ে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

আরও পড়ুন

মাঝকান্দির আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৭ মার্চের এ ঘটনায় ২০ মার্চ মধুখালী থানায় মামলা হয়। এরপর গা-ঢাকা দেন রুমা বেগম। তাঁকে গ্রেপ্তারের ‍বিষয়ে জানাতে বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল্লাহ বিন কালাম।

লিখিত বক্তব্যে বলা হয়, স্কুলকক্ষে আটকে বাবা ও ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে তাঁদের মারধরের একটি ভিডিও গত ২৫ মার্চ ভাইরাল হয়। ওই ভিডিও ফুটেজে রুমা বেগমকে উত্তেজিত হয়ে বাবা ও ছেলেকে মারধরে উৎসাহ দিতে দেখা যায়। রুমা বেগমের নির্দেশে তাঁর ভাই কুতুবউদ্দিনসহ ৮-১০  জন মিলে এ নির্যাতন চালান।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ বিন কালাম বলেন, ভিডিওতে থাকা প্রায় সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হলেও রুমাসহ দুজনকে এত দিন গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তার এড়াতে রুমা বোনের বাড়িসহ বিভিন্ন আত্মীয়ের বাড়িতে পালিয়ে বেড়াচ্ছিলেন। কখনো সাতক্ষীরা, কখনো ঝিনাইদহ থেকেছেন। সর্বশেষ গতকাল মঙ্গলবার তিনি মাগুরা থেকে মধুখালী আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে পথে মধুখালী উপজেলার মাঝকান্দি মোড় থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে নির্যাতনের ঘটনার পর ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বলেছিলেন, নির্যাতনের শিকার ওই বাবার ৯ বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। শিশুটি জন্মের সময় মাকে হারিয়েছে। এ জন্য বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকার তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। মাঝেমধ্যে ওই শিক্ষিকা বাবা ও ভাইকে না জানিয়ে ওই ছাত্রীকে ফরিদপুর শহরে তাঁর বাসায় এনে রাখতেন। বিষয়টি শিশুটির ভাই ও বাবা মেনে নিতে পারেননি। ১৭ মার্চ শিশুটিকে ফিরিয়ে দেওয়ার নাম করে ওই শিক্ষিকা শিশুটির বাবা ও ভাইকে বিদ্যালয়ে ডেকে আনেন। এরপর এক নারীসহ স্থানীয় কয়েক ব্যক্তি তাঁদের একটি কক্ষে আটকে নির্যাতন করেন।

এদিকে ২০ মার্চ ওই শিশুর বাবাকে দিয়ে দুটি মামলা করানো হয়। একটি মামলা তাঁকে ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগে এবং অপর মামলাটি করা হয় ছেলের বিরুদ্ধে সৎবোনকে ধর্ষণের অভিযোগে।

ছেলের বিরুদ্ধে বোনকে ধর্ষণের অভিযোগে করা মামলার বিষয়ে পুলিশ সুপার বলেছিলেন, ৯ বছরের ওই মেয়ে প্রথমে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে এবং পরে বাবাকে বাদ দিয়ে শুধু ভাইয়ের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে। তবে এ মামলা হওয়ার পর শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হলে শিশুটি জানায়, তাকে কেউ ধর্ষণ করেননি। পরে আদালতেও শিশুটি একই কথা বলে।

সৎবোনকে ধর্ষণের অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। বাবা ও ছেলেকে পেটানোর মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) শঙ্কর বালা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাকি আটজন বর্তমানে জামিনে আছেন।