সংসদ সদস্যের কাছে পেটানোর অনুমতি চাইলেন কাউন্সিলর
কুষ্টিয়া-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফের নির্বাচনী সভায় স্বতন্ত্র প্রার্থী ও নারী ভোটারদের উদ্দেশে হুমকি দিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিয়েছেন এক কাউন্সিলর। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
প্রকাশ্যে সভায় এ ধরনের বক্তব্য দেওয়ায় ওই কাউন্সিলরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার (ঈগল প্রতীক) ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে মাহবুব উল আলম হানিফের সমর্থনে কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আড়ুয়াপাড়া দিনমণি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক নির্বাচনী সভার আয়োজন করে। সভায় হানিফ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ অজয় সুরেকাসহ জেলা আওয়ামী লীগের নেতারা। কৌশিকের বাবা মিজানুর রহমান ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
শেখ কৌশিক বলেন, ‘প্রত্যেক ওয়ার্ডেই দু-চারটে লোক থাকে। তাদের উদ্দেশ্য হলো নৌকার ব্যাচ পরে ওই কী পাখি (স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ারের প্রতীক ঈগল) আছে, সেই পাখিকে ভোট দেবে। সেই সব লোকদের উদ্দেশে আমি বলতে চাই, নেতা (মাহবুব উল আলম হানিফ) আপনার কাছে আমি অনুমতি চাই। এই সকল লোক যদি ধরা পড়ে, আমরা কিন্তু পিটাইয়ে... (অশ্রাব্য শব্দ) চামড়া তুইলি ফেলা দেবা।’
কাউন্সিলর কৌশিক নারী ভোটারদের উদ্দেশে বলেন, ‘ভোটের দিন সকলে বিশেষ করে মেয়েদের উদ্দেশে আমার বলা। আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে চলে আসবেন। এসে কোনো কথা নাই। আইসে ওপেনে একদম নৌকার পার সিল মারবেন। নৌকার ওপর সবার সামনেই সিল মারবেন, হানিফ সাহেবকে সিল মারবেন। আমার কথা হচ্ছে, আপনাদের বিপদ–আপদে আমরা থাকি। আর আমাদের বিপদ–আপদে তাঁরা (মঞ্চের নেতাদের দিকে ইঙ্গিত করে) থাকেন। ওই কারণে আমাদের মাজা (কোমর) যদি শক্ত থাকে, তাহলেই তো আপনাদের বিপদ–আপদে উদ্ধার করব। তাই আমাদের মাজা শক্ত করতে হলে হানিফ সাহেবকে এই ওয়ার্ডে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আমরা হলাম পিঁপড়ার মতো। আমরা যেদিকে যাই, এই ওয়ার্ডের লোকজন পিঁপড়ার মতো আমাদের পিছে পিছে যায়। আমরা নৌকার দিকে যাচ্ছি, আমাদের লোকজনও নৌকার দিকে যাবে।’
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা ও নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফের সামনে প্রকাশ্যে সিল মারার যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সুষ্ঠু ভোটের জন্য অন্তরায়। ভোটারদের মধ্যে ভীতি ছড়াতেই এই বক্তব্য দেওয়া হয়েছে। আমি ওই কাউন্সিলরের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
পারভেজ আনোয়ার জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক। তাঁর বাবা কুষ্টিয়া পৌরসভার বর্তমান মেয়র আনোয়ার আলী। আনোয়ার আলী পাঁচবারের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। কুষ্টিয়া আওয়ামী লীগে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের প্রভাব বলয় যাঁরা ভাঙতে চান, তাঁরা পারভেজ আনোয়ারকে সমর্থন দিচ্ছেন।
কুষ্টিয়া-৩ আসনে মোট প্রার্থী পাঁচজন। মাহবুব উল আলম হানিফ ও পারভেজ আনোয়ার ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী কে এম জহুরুল ইসলাম (টেলিভিশন প্রতীক), বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মেহেদী হাসান রিজভী (ফুলের মালা প্রতীক) এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ফরিদ উদ্দিন শেখ (আম প্রতীক)।