গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট

গাজীপুরে নারীকে হত্যা করে বাড়ি থেকে ডাকাত দল টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালপত্র লুট করেছে। আজ বুধবার সকালে উপজেলার পিরুজালী এলাকায়ছবি : প্রথম আলো

গাজীপুরে গভীর রাতে একটি বাড়ি থেকে ডাকাত দল টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালপত্র লুট করেছে। এ সময় তাদের বাধা দেওয়ায় পরিবারের এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পিরুজালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার (৫৫) ওই এলাকার আনিসুর রহমানের স্ত্রী। ময়নাতদন্তের জন্য পুলিশ তাঁর লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরুজালী মধ্যপাড়া এলাকার আনিসুর রহমান স্থানীয় একটি কারখানায় এবং তাঁর ছেলে নাজমুল সাকিব পিরুজালী আদর্শ উচ্চবিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকরি করেন। গতকাল দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত তাঁদের বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাত দল আনিসুরের পুত্রবধূ আরিফা আক্তারের হাত-পা বেঁধে রাখে। ডাকাতদের বাধা দিলে আসমা আক্তারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়। ডাকাত দল ওই বাড়ি থেকে তিন লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

আজ বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ‘মধ্যরাতে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। বাধা দেওয়ায় এক নারীকে শ্বাস রোধ করে হত্যা করেছে ডাকাতেরা।’

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কর জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।