বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেপ্রথম আলোর ফাইল ছবি

বরিশালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে হামে ২০ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৭ শিশু এবং হাম শনাক্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের সরকারি হাসপাতালগুলোয় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৯০ শিশু। এ নিয়ে চলতি বছর এই বিভাগে হামের উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে এসেছে ২ হাজার ১১৭ শিশু। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮৪ শিশুর।

সূত্র জানায়, চলতি বছরের শুরুর দিকেই হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোয় সীমিতসংখ্যক শিশু আসতে থাকে। তবে মার্চে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। একই সঙ্গে মৃত্যুর ঘটনাও বাড়তে থাকে।

আরও পড়ুন

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব মূলত মার্চে ভয়াবহ রূপ নেয়। এখনো তা নিয়ন্ত্রণে আসেনি। আমরা বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় বিশেষ টিকা কার্যক্রম শুরু করেছি। এতে সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।’ তিনি আরও বলেন, শুরু থেকেই বরিশাল বিভাগের বরগুনায় সংক্রমণ সবচেয়ে বেশি ছিল। এপ্রিলের শুরুতে পটুয়াখালীতেও সমানভাবে বাড়ছে। এখন এই দুই জেলাতেই হামের প্রকোপ সবচেয়ে বেশি। তা ছাড়া হাম শনাক্ত হয়ে যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তারা বরগুনার।