সমাপনী কুচকাওয়াজে আনসার সদস্যদের দেশসেবার শপথ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের (পুরুষ) ষষ্ঠ ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয়। এ সময় আনসার সদস্যরা দেশসেবার শপথ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। সকাল নয়টায় ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে অশ্বারোহী দলের নিরাপত্তাবেষ্টনীতে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করেন প্রধান অতিথি। লালগালিচায় মোড়ানো সুসজ্জিত খোলা সবুজ গাড়িতে তিনি প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরে প্যারেড কমান্ডার উপপরিচালক সঞ্জয় চৌধুরীর নেতৃত্বে প্যারেড ৬ সারিতে মার্চপাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।
সকাল নয়টায় ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে অশ্বারোহী দলের নিরাপত্তাবেষ্টনীতে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে আগমন করেন প্রধান অতিথি। লালগালিচায় মোড়ানো সুসজ্জিত খোলা সবুজ জিপে তিনি প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরে প্যারেড কমান্ডার উপপরিচালক সঞ্জয় চৌধুরীর নেতৃত্বে প্যারেড ছয় সারিতে মার্চপাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।
নিজ নিজ ধর্মগ্রন্থের দিকে হাত তুলে বাংলাদেশের সংবিধানের প্রতি অটল থেকে দেশ ও দেশের মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন প্রশিক্ষণার্থীরা। শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ৯৮৬ প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিলে প্রথম স্থান অর্জন করেন রাসেল হোসেন, ফায়ারিংয়ে সেরা কবির হোসেন এবং সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন সুজন লাকড়া।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক সামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আনসার বাহিনীর কর্মকর্তারা বলেন, সাধারণ আনসাররা প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন জাতীয় সংসদ ভবন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, হাসপাতাল, হোটেল, মোটেল, ইপিজেডসহ অন্যান্য সংস্থায় নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করেন। বর্তমানে সারা দেশে ৫ হাজার ১১৪টি প্রতিষ্ঠানে ৫৪ হাজারের বেশি সাধারণ আনসার অঙ্গীভূত হয়ে দেশের জননিরাপত্তায় অবদান রেখে চলেছেন।
প্রধান অতিথি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান নবাগত সদস্যদের পেশাগত ক্ষেত্রে সততা, নিষ্ঠা, আনুগত্য ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন। তিনি শৃঙ্খলা বজায় রেখে সুন্দর ও মানবিক আচরণের মাধ্যমে সব ক্ষেত্রে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, অনৈতিক ও শৃঙ্খলাবহির্ভূত কার্যকলাপ হতে দূরে থেকে জাতির জনকের সোনার বাংলা গড়ে তুলতে ইতিবাচক মনোভাব নিয়ে পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদান রাখার প্রত্যাশা করেন।