গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে সরকারের পতন ঘটানো হবে: শামসুজ্জামান দুদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ দফা দাবিতে ফরিদপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি। আজ শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এ সরকারের আমলে যে ভোট হয়, তাতে মানুষ ভোট দেয় না। রাতের আঁধারে ভোট হয়। আমাদের আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠা, অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে। এ আন্দোলনে বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’

ফরিদপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে এক পথসভায় এ কথাগুলো বলেন শামসুজ্জামান দুদু। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুরের জেনারেল হাসপাতালের মোড় এলাকায় ব্রাহ্ম সমাজ সড়কে এ পথসভা অনুষ্ঠিত হয়।

শামসুজ্জামান দুদু আরও বলেন, এ বছর পরিবর্তনের বছর। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটানো হবে।

পুলিশের নির্দেশে মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত আকারে শেষ হয় পদযাত্রা।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ কাইয়ুমের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান সম্রাট, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা ওরফে মিরাজ প্রমুখ।

দুপুর ১২টার দিকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রাটি মুজিব সড়ক ধরে জনতা ব্যাংকের মোড় হয়ে থানা রোড হয়ে শাহ ফরিদ সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে পুলিশের নির্দেশে মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত আকারে শেষ হয় পদযাত্রা।

সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান শামুসজ্জামান দুদু। ২৫ ফেব্রুয়ারি দেশের প্রতিটি জেলায় ১০ দফা দাবি সমর্থনে পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

নিজেদের মধ্যে সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীরা জানান, পদযাত্রা শেষ করে দুপুর সাড়ে ১২টার দিকে ফেরার পথে ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিলের সঙ্গে মহানগর যুবদলের কর্মী সাদ্দাম হোসেনের সঙ্গে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনা ঘটে। স্বল্পস্থায়ী এ সংঘর্ষ থামাতে দলীয় নেতৃবৃন্দ ব্যর্থ হলে পুলিশ এসে লাঠিপেটা করে সংঘর্ষকারীদের হটিয়ে দেয়।