আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন: শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে গাছের চাড়া ও পানি পানের মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বগুড়ার মোকামতলা উপজেলা সদরের মোকামতলা হাইস্কুল মাঠেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, গত কয়েক দিনে প্রমাণ হয়েছে দলটি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন।

বগুড়ার মোকামতলা উপজেলা সদরের মোকামতলা হাইস্কুল মাঠে শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন শাহে আলম। অনুষ্ঠানে উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে একটি করে নিমগাছের চারা ও পানি পানের মগ বিতরণ করেন।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। এই রাজনৈতিক দলটা একটি সন্ত্রাসী রাজনৈতিক দল আমরা বলতাম। আগুন নিয়ে খেলে রাজনৈতিক দল আমরা বলতাম। গত কয়েক দিনে গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় এই নিষিদ্ধ রাজনৈতিক দল তারা যে আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন, এটা তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছে।’

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকার এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে না বলে দাবি করেন শাহে আলম। তিনি বলেন, ‘এর অর্থ এই নয় তারা (আওয়ামী লীগ) যা ইচ্ছে তাই করে যাবে আর সরকার সেটা সহ্য করে যাবে। আমরা একটু সময় নিচ্ছি। এই সময়ের মধ্যে ওই জনপদের মানুষ যদি সংশোধন না হয়, সরকারের সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগ করে এলাকার মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন করা হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের ৬২ হাজার গাছের চারা ও একটি করে পানি পানের বোতল দেওয়া হয়
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ‘ভাই, আপনাদের বলি, ইন্ডিয়া থেকে কে টেলিফোন করল, আর ওই বিদেশ থেকে কে টেলিফোন করল, এই টেলিফোনে লাফালাফি কইরেন না। নিজের জীবন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সঁপে দিয়েন না। যাঁদের টেলিফোনে এই সব করছেন, তাঁদের বলেন, আপনারাও আসেন, টেলিফোন না করে দেশে এসে নেতৃত্ব দেন।’

পরাজিত, পতিত, পলাতক, নিষিদ্ধঘোষিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মীর শাহে আলম। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে তাঁবেদার রাষ্ট্র কায়েম করার জন্য যারা চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্র সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এ দেশের মানুষের শান্তি দরকার, অর্থনৈতিক মুক্তি দরকার, উন্নয়ন দরকার। মানুষ সহিংসতা চায় না। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।’

গত কয়েক দিনে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার চিত্র তুলে ধরেন শাহে আলম। তিনি জানান, গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভাঙ্গা, নড়াইলসহ বিভিন্ন স্থানে বিএনপির তিনজন নেতা–কর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যা করা হয়েছে। তিনি বলেন, লুকোচুরি করে বোমা মেরে, পটকা মেরে, দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন নিয়ে ৫৫ শতাংশ মানুষের জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে একবিন্দু নড়ানো যাবে না।

সরকারের উন্নয়ন কর্মসূচির কথাও তুলে ধরেন শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নানা পরিকল্পনা করছেন। দেশের ক্রান্তিলগ্নে সব সময় জিয়া পরিবার এগিয়ে এসেছে। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।