ঈশ্বরদীতে রিকশাচালককে হত্যার মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতার মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে হত্যা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় পৌর কাউন্সিলরেরা। সোমবার দুপুরে ঈশ্বরদী পৌরসভা মিলনায়তন
ছবি: প্রথম আলো

পাবনার ঈশ্বরদী উপজেলায় রিকশাচালককে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা কামাল উদ্দিনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পৌর কাউন্সিলররা। কামাল উদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ওই ওয়ার্ডের কাউন্সিলর।

আজ সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে করা সংবাদ সম্মেলনে কামাল উদ্দিনের মুক্তির দাবি করে পৌর কাউন্সিলররা বলেন, গুলি করার সময় কাউন্সিলর কামাল উদ্দিন ঘটনাস্থলে ছিলেন না। হত্যার বিষয়ে তিনি কিছু জানতেন না বলে মনে হয়েছে তাঁদের।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাশেম উদ্দিন। এ সময় পৌরসভার আরও ১০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গুলি করে রিকশাচালককে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, হত্যার ঘটনায় কাউন্সিলর কামাল উদ্দিন জড়িত, এমন কোনো অভিযোগ ওই রাতে ঘটনাস্থলের কেউ করেননি। অথচ রাতেই তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। পরে এ ঘটনায় করা মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার রাতে উপজেলার পশ্চিম টেংরি কড়ইতলা এলাকায় এক নসিমনচালকের সঙ্গে অপর এক লেগুনাচালকের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েকজন যুবক সেখানে এসে বিরোধে জড়ান। স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, তাঁদের মধ্যে পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিনের ভাই আনোয়ার হোসেন পিস্তল বের করে গুলি চালান। এতে রিকশাচালক মামুন হোসেন (২৬) গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আরও পড়ুন

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রকি হোসেন ও সুমন হোসেন নামের আরও দুজন আহত হন। তাঁদের মধ্যে রকি হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সুমন হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার রাতে নিহত মামুনের মা লিপি খাতুন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় গুলির হুকুমদাতা অভিযোগে কামাল উদ্দিনকে প্রধান ও তাঁর ভাই আনোয়ার হোসেনকে ২ নম্বর আসামি করা হয়। এরপর গত শুক্রবার দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভিযান চালিয়ে কামাল উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

মামলার বাদী লিপি খাতুন বলেন, ঘটনার সময় কাউন্সিলর কামাল উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে যখন ধস্তাধস্তি হচ্ছিল, তখন কামাল বলেন, ‘গুলি করে সবার খুলি উড়িয়ে দে।’ এই সময়ই তাঁর ভাই আনোয়ার হোসেন পিস্তল বের করে গুলি চালান।

নিহত মামুনের স্বজনেরা বলেন, ঘটনার পর পাঁচ দিন পেরিয়ে গেলেও আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে তাঁকে গ্রেপ্তারের দাবি করেন তাঁরা।

এ প্রসঙ্গে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার প্রথম আলোকে বলেন, ‘আসামিরা গা ঢাকা দিয়ে আছেন। আশা করছি, দ্রুত তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’