ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় প্রবাসীর ভাঙচুর করা শপিংমলের ব্যবস্থাপককে গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় আবদুর রহমান (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী রাসেল হোসাইনের চাঁচকৈড় বাজারের এন জে টপ ম্যান শপিংমলের ব্যবস্থাপক।
গত মঙ্গলবার রাতে ওই শপিংমল থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২)। এ ঘটনায় ১৯ অক্টোবর তাঁর বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২৬ অক্টোবর রাতে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।
২৭ অক্টোবর শাকিলের জানাজা শেষে চাঁচকৈড় বাজারে অবস্থিত রাসেল হোসাইনের এন জে টপ ম্যান শপিংমলে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে মেরামত শেষে প্রতিষ্ঠানটি আংশিক চালু করা হয়। সেখান থেকেই শপিংমলটির ব্যবস্থাপক আবদুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি।
এ হত্যা মামলায় এর আগে নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। শাকিলের মৃত্যুর রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে প্রথমে তিন দিন এবং দ্বিতীয় দফায় দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ হত্যা মামলায় এর আগে নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। শাকিলের মৃত্যুর রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে প্রথমে তিন দিন এবং দ্বিতীয় দফায় দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
নূরুজ্জামান রিমান্ডে থাকাকালে ডিবি আল আমিন হোসেন ও আনিসুর রহমান নামের আরও দুই ব্যবসায়ীকে আটক করে। তাঁরাও বর্তমানে কারাগারে আছেন।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শাকিল হত্যা মামলাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে তদন্তে বেশ কিছু অগ্রগতি হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে সন্দেহ করা হয়েছে। সব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।