শহরে বিদ্যুৎ না থাকলেও ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে: যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। শনিবার বিকেলে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনেছবি: প্রথম আলো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত) বলেছেন, ‘প্রয়োজনে শহরের গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবে, কিন্তু গ্রামে কৃষকের ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে কোনোভাবেই তাদের সেচের ক্ষতি না হয়। কৃষকদের প্রতি বর্তমান সরকারের যে অঙ্গীকার, যে জবাবদিহি রয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করবার জন্য আমরা সচেষ্ট রয়েছি।’

আজ শনিবার বিকেলে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ১০টি জেলায় কৃষক কার্ডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। দেশের কৃষকদের প্রতি, জনগণের প্রতি বিএনপির যে অঙ্গীকার রয়েছে, একে একে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে। তারপরও শুধু কৃষকদের কথা বিবেচনা করে আমাদের সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন জানান, জেলায় ৩ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনা মূল্যে এক কেজি করে পাটের বীজ, পাঁচ কেজি এমওপি ও পাঁচ কেজি ডিওপি সার দেওয়া হয়েছে।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।