নোয়াখালীর সেনবাগ পৌর আওয়ামী লীগের কমিটি স্থগিত, সভাপতিকে সাময়িক বহিষ্কার
নোয়াখালীর সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুনকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পৌর আওয়ামী লীগের কমিটি স্থগিত করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোরশেদ আলম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গতকাল শুক্রবার আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মঞ্চের ব্যানার সরিয়ে ফেলা ও সভামঞ্চে উপস্থিত দলীয় নেতাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে জাকারিয়া আল মামুনকে কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না, তা তিন দিনের মধ্যে লিখিত আকারে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
বহিষ্কারের চিঠির বিষয়ে জানতে চাইলে আ স ম জাকারিয়া আল মামুন আজ শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে ফোনে বহিষ্কার ও কমিটি স্থগিতের চিঠির বিষয়টি শুনেছেন। তবে তিনি এখনো কোনো চিঠি পাননি। চিঠি পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। জাকারিয়া আল মামুন বলেন, শুক্রবারের ঘটনাটি অনিচ্ছাকৃত। যার জন্য তিনি অনুষ্ঠানস্থলেই ভুল স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।
উপজেলা আওয়ামী লীগের চিঠিতে বলা হয়েছে, ‘দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেল চারটায় উপজেলা গণমিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে সভার মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবিসংবলিত একটি ব্যানার টাঙানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতারা। সভা শুরুর আগে সবার আপনি (জাকারিয়া আল মামুন) মঞ্চের ব্যানারটি জোরপূর্বক খুলে ফেলেন এবং মঞ্চে মাইক্রোফোন নিয়ে টানাহেঁচড়া করেন, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। উল্লেখিত বিষয়ে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আপনাকে পৌর আওয়ামী লীগের সভাপতির পদসহ সব ধরনের দলীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো এবং কেন দল ও পদ থেকে চূড়ান্ত বহিষ্কারের পদক্ষেপ নেওয়া হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়। একই চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেনবাগ পৌর আওয়ামী লীগের কমিটি স্থগিত করা হয়েছে।’
আরেক সদস্যকে অব্যাহতি
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক আরেকটি চিঠিতে বীজবাগ ইউনিয়নের বাসিন্দা আওয়ামী লীগের কর্মী ওমর ফারুককে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ভবিষ্যতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের বক্তৃতার ডায়াস ছুড়ে ফেলে দেওয়া এবং দলীয় নেতাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ আনা হয়েছে।
যোগাযোগ করা হলে শনিবার রাত সাড়ে আটটায় সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতিকে সাময়িক বহিষ্কারসহ অন্যান্য পদক্ষেপের বিষয়ে নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রথম আলোকে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।