নাটোরের গুরুদাসপুর
বিদ্যালয়ের মাঠে কাঁটাতার
ছাত্রীরা খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে পারছে না। তারা মাঠ থেকে দ্রুত কাঁটাতারের বেড়া অপসারণের দাবি জানায়।
নাটোরের গুরুদাসপুর উপজেলার মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের ১৩ শতক জায়গা দখল করে এক সপ্তাহ আগে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুই ব্যক্তি। তাঁদের দাবি, তাঁরা জমির আসল মালিক। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউপি কর্তৃপক্ষ আমিন নিযুক্ত করে তাঁদের জমিটি বুঝিয়ে দিয়েছে।
মাঠ দখল হয়ে যাওয়ায় বিদ্যালয়টির ছাত্রীরা ঠিকমতো খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে পারছে না। বিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানা-পুলিশকে গত রোববার লিখিত অভিযোগ দেয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়টির অবস্থান নাজিরপুর ইউনিয়নে।
গতকাল বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টির দুটি ভবনের সামনের পূর্বদিক বরাবর খেলার মাঠ। একই মাঠের দক্ষিণে রয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠের ১৩ শতক জায়গাজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। মাঠটি সংকুচিত হওয়ার কারণে ছাত্রীরা কেউ খেলাধুলা করতে পারছে না। কেউ কেউ সহপাঠীদের নিয়ে ঘোরাফেরা করছে।
ছাত্রীরা বলে, মাঠ দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার কারণে তারা খেলাধুলা, দৌড়ঝাঁপ করতে পারছে না। বেশির ভাগ সময় ক্লাস আর কমনরুমে থাকতে হচ্ছে। অথচ বিরতির সময় আগে তারা মাঠে কত রকম খেলাই না খেলেছে। তারা মাঠ থেকে দ্রুত কাঁটাতারের বেড়া অপসারণের দাবি জানায়।
প্রধান শিক্ষক মো. ফিরোজ আলী বলেন, বসির মোল্লা ও তাঁর ভাতিজা ইউপি সদস্য আলম মোল্লা জায়গাটি নিজেদের দাবি করে এ কাঁটাতারের বেড়া দেন। ২১ জুলাই শুক্রবার হওয়ায় বিদ্যালয়ে কেউ ছিলেন না। এ সুযোগে ৩০-৪০ জন লোক নিয়ে এসে বসির মোল্লা ও আলম মোল্লা মাঠের জায়গাটি দখল করে তারকাঁটা দিয়ে ঘিরে রেখে চলে যান। অথচ ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে খেলার মাঠটি বিদ্যালয় কর্তৃপক্ষ ভোগদখল করে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ৪৫০ ছাত্রী আছে। মাঠে বেড়া দেওয়ায় খেলাধুলার অসুবিধা হচ্ছে।
এ বিষয়ে আলম মোল্লাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। বসির মোল্লা বলেন, তাঁদের ঘিরে দেওয়া ১৩ শতক জায়গা রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। এখানে তাঁর ভাই জলিল মোল্লার ৭ শতক ও তাঁর ৬ শতক জায়গা রয়েছে। তারের বেড়া দিয়ে তাঁরা জমিটি দখলে নিয়েছেন।
বসির আরও বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা জায়গাটি ফেরত পেতে বা জমির বিপরীতে টাকা দেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছেন। তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় নাজিরপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) আবেদন করেছিলেন। ২১ জুলাই ইউপির পক্ষ থেকে নিযুক্ত আমিন জমিটির দখল তাঁদের বুঝিয়ে দেন।
ইউপি চেয়ারম্যান মো. আয়ুব আলী বলেন, ভুক্তভোগীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কয়েক দফা নোটিশ করা হয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক সেই নোটিশ গ্রহণ করেননি। পরে ইউপি কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়। সেই কমিটির লোকজনসহ নিযুক্ত আমিন গিয়ে জায়গাটি মালিকদের বুঝিয়ে দিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাই বলেন, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন তিনি। সে সময় এসব জমি বিদ্যালয়ের অনুকূলে কিনে রেজিস্ট্রি করা হয়। এরপর নিয়মিত খাজনা-খারিজ দিয়ে আসছেন। হঠাৎ ২৯ বছর পর এসে দুজন ১৩ শতক জায়গা নিজেদের দাবি করে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন। বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে ও সংঘাত এড়াতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি। এ ছাড়া গত রোববার পরিচালনা কমিটির সভা ডেকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক ফিরোজ আলী বলেন, উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর ইউএনও গত বুধবার বিদ্যালয়টি পরিদর্শন করেন। কিন্তু কাঁটাতারের বেড়া অপসারণে কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।
এ প্রসঙ্গে ইউএনও শ্রাবণী রায় বলেন, বিষয়টি সমাধানের জন্য আদালতের আশ্রয় নিতে প্রধান শিক্ষককে পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে আমিন নিযুক্ত করে বিদ্যালয়ের মাঠ হিসেবে ব্যবহৃত জমি অন্যকে বুঝিয়ে দেওয়া প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, এ ঘটনা তিনি জানেন না। তবে ইউনিয়নে কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট চেয়ারম্যান শান্তি রক্ষায় পদক্ষেপ নিতে পারেন। জটিলতা নিরসনে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে সমাধানের পথ খুঁজতে হবে।