বরিশালে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোড়ে মোড়ে তল্লাশি অব্যাহত রেখেছে। সমাবেশের প্রবেশপথ চাঁদমারী স্টেডিয়ামের সামনে চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ ও যানবাহনকে তল্লাশি করতে দেখা গেছে। পুলিশ সদস্যরা বঙ্গবন্ধু উদ্যান ও লঞ্চঘাট এলাকায় যাওয়ার কারণ জানতে চাইছেন।
এতে জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। নগরের প্রবেশপথ গড়িয়ারপাড়, রূপাতলী, কালিজিরা, সদর রোডসহ বিভিন্ন পয়েন্টে তল্লাশিচৌকি স্থাপন করেছে পুলিশ।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলী আশ্রাফ বলেন, সমাবেশকে কেন্দ্র করে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
আজ বিকেলে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশের কারণে দুই দিন আগেই অভ্যন্তরীণ রুটের লঞ্চ, বাস ও থ্রি–হুইলার ধর্মঘট চলছে। রিকশাও কম চলাচল করছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
অবশ্য ধর্মঘটের আগেই অধিকাংশ নেতা-কর্মী সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। নেতা-কর্মীরা নৌকায় করে সমাবেশস্থলে আসা শুরু করেছেন।
এদিকে বরিশালে বেলা বাড়তেই হঠাৎ মুঠোফোন ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আজ শনিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়ার খবর পাওয়া গেছে। এতে সাধারণ গ্রাহকসহ সংবাদকর্মীরা বিপাকে পড়েছেন।