প্লাস্টিকের বাক্সের ভেতরে নতুন সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুধাংশু শেখর মণ্ডল প্লাস্টিকের বাক্সে কাঁকড়া চাষের খামার গড়ে তুলেছেন। খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ফুলতলা গ্রামে
ছবি: প্রথম আলো

ইটের সলিং রাস্তার পাশে ঘের, তার পানিতে ভাসছে প্লাস্টিকের ছোট ছোট অনেক বাক্স। মাঝ বরাবর বাঁশ আর কাঠ দিয়ে বানানো টিনের ছাউনি দেওয়া টংঘর। সেই ঘরের কাঠের পাটাতনের ওপর বসে একজন প্লাস্টিকের বাক্সগুলো খুলে দেখছেন। প্রতিটি বাক্সের মধ্যে রয়েছে কাঁকড়া। সেগুলোর কোনোটা খোলস ছেড়েছে কি না, তা পরীক্ষা করে দেখছেন তিনি। মাত্র দুই বিঘা জমির ঘেরের মধ্যে রয়েছে ১২ হাজার বাক্সবন্দী কাঁকড়া।

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ফুলতলা গ্রামে এই চিত্র ‘তপু সফট শেল ফার্ম’ নামের একটি কাঁকড়ার খামারের। খামারটিতে বছরে উৎপাদন করা হচ্ছে প্রায় ২৫ হাজার কেজি কাঁকড়া, যার সবই রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আসছে বৈদেশিক মুদ্রা। কর্মসংস্থান হয়েছে বহু নারী-পুরুষের।

খামারের টংঘরের পাটাতনের ওপর বসে ছোট লাঠির মাথায় থাকা আংটা দিয়ে বাক্সগুলো টেনে দেখছিলেন খামারের মালিক সুধাংশু শেখর মণ্ডল। তিনি বলেন, তিন ঘণ্টা পরপর তিনি এভাবে কাঁকড়াগুলো পরীক্ষা করেন। কোনো বাক্সে মৃত কাঁকড়া পেলে সেটি উঠিয়ে মাটির নিচে পুঁতে ফেলেন। কাঁকড়াদের খাবার হিসেবে চার দিন পরপর প্রতিটি বাক্সে তেলাপিয়া মাছ কেটে ৫ থেকে ৮ গ্রাম ওজনের টুকরা দেওয়া হয়।

এক হাজার কেজি কাঁকড়া তিনি প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন সুধাংশু শেখর মণ্ডল।

সুধাংশু শেখর মণ্ডল জানান, কয়েক বছর আগে সাতক্ষীরার ঘড়িলাল এলাকায় গিয়ে কাঁকড়া চাষের খামার দেখে খুবই ভালো লাগে তাঁর। পরিকল্পনা করেন ওই পদ্ধতিতে কাঁকড়া চাষের। এরপর ২০২১ সালে দুই বিঘা জমি বাৎসরিক ১৮ হাজার টাকায় লিজ নিয়ে পরীক্ষামূলকভাবে কাঁকড়া চাষ শুরু করেন। তখন প্লাস্টিকের বাক্সে কাঁকড়া ছিল মাত্র তিন হাজার। সে বছর সফল হয়ে এবার ১৩ হাজার বাক্সে কাঁকড়া চাষ করছেন। গত বছর ৯ হাজার কেজি কাঁকড়া উৎপাদন করা হয়েছিল। তবে এবার ২৫ হাজার কেজি কাঁকড়া উৎপাদন করা হবে বলে তিনি আশা করছেন।

খামারের মালিক সুধাংশু শেখর মণ্ডল তিন ঘণ্টা পরপর এভাবে কাঁকড়াগুলো পরীক্ষা করেন। খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ফুলতলা গ্রামে
ছবি: প্রথম আলো

আগে যে এলাকায় ঘেরে কেবল চিংড়ি চাষ হতো, সেখানে এখন কাঁকড়া চাষ লোকজনকে নতুন আশা দেখাচ্ছে। একে স্থানীয় অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কয়রায় সুধাংশু শেখর ঘেরে কাঁকড়া চাষের পথিকৃৎ। তাঁর কাঁকড়ার ফার্মে কর্মরত শ্রমিক নারায়ণ বর্মন ও মাধব মণ্ডল বলেন, বাক্সে কাঁকড়া চাষের জন্য তাঁরা ঘেরটি পাঁচ-ছয় ফুট গভীর করে খনন করেছেন। ঘেরে কোনো ধরনের সার তাঁরা ব্যবহার করেন না। পানির ওপরে প্লাস্টিকের বাক্স সাজিয়ে তাতে মাঝারি আকারের একটি করে কাঁকড়া দিয়েছেন। কাঁকড়াগুলো বাক্সে ভরার সময় কাঁকড়ার শুধু বড় দুটি পা রেখে ছোট পাগুলো কেটে দিয়েছেন। এতে কাঁকড়া দ্রুত খোলস ছেড়ে নরম হয়। খোলস ছেড়ে দেওয়া কাঁকড়ার দাম বেশি পাওয়া যায় বলে জানান তাঁরা।

খামারের মালিক সুধাংশু শেখর মণ্ডল বলেন, ঘেরের মধ্যে বাক্সে কাঁকড়া দেওয়ার ১৫ দিনের মধ্যে খোলস ছাড়লে উঠিয়ে নিয়ে পরিষ্কার পানিতে ধোয়া হয়। এরপর প্যাকিং করে ক্রেটে ভর্তি করে সাতক্ষীরার বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসের পাশে বায়ারদের (বিদেশি ক্রেতা) কাঁকড়া কেনার ঘর রয়েছে, সেখানে বিক্রি করা হয়। এক হাজার কেজি কাঁকড়া তিনি প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন।

কয়রা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, আগে বাক্সে কাঁকড়া চাষের খামার কয়রায় মাত্র একটি ছিল, সেটি তপু সফট শেল ফার্ম। এক বছরের মধ্যে আরও কয়েকজন এ ধরনের খামার গড়ে তুলেছেন। বাক্সে কাঁকড়া চাষ করা বেশ লাভজনক। এই পদ্ধতিতে খাবার নষ্ট হয় না, কাঁকড়ার মৃত্যুর হার তুলনামূলক কম। যখন কাঁকড়ার দাম বাড়ে, তখন চাষিরা সহজে ও দ্রুত বাক্স খুলে কাঁকড়া ধরে তা বিক্রি করতে পারেন।