ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান চালিয়ে ৪৮ জেলেকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

মা ইলিশ রক্ষায় শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে ৭২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জেলা প্রশাসক পারভেজ হাসান ও নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ স্পিডবোট নিয়ে গতকাল রাতে পদ্মা নদীতে অভিযানে নামেন। তাঁরা রাতভর অভিযান চালিয়ে চরআত্রা, নওপাড়া ও ঘড়িসার ইউনিয়নের বিভিন্ন স্থানের মা ইলিশের অস্থায়ী বাজার উচ্ছেদ করেন। ভেঙে দিয়েছেন ইলিশ বিক্রি ও মজুত রাখার ঘর। পরে নদীতে অভিযান চালিয়ে ১৭টি মাছ শিকারের ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। এসব নৌকা থেকে ৭২ জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৪৮ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ২৪ কিশোরকে।

জেলা প্রশাসক পারভেজ হাসান প্রথম আলোকে বলেন, ১০ দিনে তিন দফায় অভিযান চালানো দলের ওপর জেলেরা হামলা করেছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা। মা ইলিশ রক্ষা করার জন্য তাঁরা চেষ্টা করে যাচ্ছেন। অভিযানও অব্যাহত রেখেছেন। মা ইলিশ সংরক্ষণ অভিযানের মধ্যে জেলেরা যাতে নদীতে না নামেন, এ জন্য ১৯ হাজার জেলেকে খাদ্যসহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এখন ইলিশের প্রজনন মৌসুম চলছে। এ সময় মা ইলিশ ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে মিঠা পানিতে আসে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুরের জাজিরার নাওডোবা থেকে গোসাইরহাটের নলমুরি পর্যন্ত ৭১ কিলোমিটার পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে মা ইলিশ শিকার করছেন কিছু জেলে। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, র‌্যাব, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে নদীতে অভিযান অব্যাহত আছে। গত ১০ দিনে স্থানীয় প্রশাসন ১১৫টি অভিযান চালিয়েছে। এতে মামলা করা হয়েছে ২৬৩টি। আর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ২৩৬ জেলেকে। ৮৫ জেলেকে ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার প্রথম আলোকে বলেন, এখন ইলিশ ডিম দিচ্ছে। ধৈর্য ধারণ করে সংরক্ষণ করলে ইলিশের উৎপাদন বাড়বে কয়েক গুণ। এ সময় ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের বলা হচ্ছে।