সকালে মামলা, দুপুরে গ্রেপ্তার, বিকেলে জামিন
দিনাজপুরের ঘোড়াঘাটে সাগর মিয়া (১৩) নামে এক কিশোরকে মারধরের অভিযোগে থানায় মামলার ঘটনায় ওই এলাকার এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু এর কয়েক ঘণ্টা পর আদালত থেকে জামিন মুক্তি পান তিনি।
এ ঘটনায় মঙ্গলবার সকাল ১০টায় ওই কিশোরের মা মনোয়ারা বেগম বাদী হয়ে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজ্জাত হোসেন (৪৫) ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজল মিয়াকে (৫০) আসামি করে থানায় মামলা করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর বেলা দুইটার দিকে পুলিশ ইউপি চেয়ারম্যানকে দিনাজপুর আদালতে পাঠায়। বিকেল চারটার দিকে ইউপি চেয়ারম্যান আদালতে জামিনের আবেদন করলে আদালত তাঁকে জামিন দেন।
কিশোরকে মারধরের ঘটনায় হওয়া মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সিংড়া ইউনিয়নের আবিরের পাড়া আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দা মনোয়ারা বেগম তাঁর ছেলে সাগর মিয়াকে নিয়ে বসবাস করেন। গতকাল সোমবার ওই ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাত হোসেন ও সদস্য মফিজাল মিয়া আশ্রয়ণকেন্দ্রে যান। সেখানে সাগর মিয়া ও তার মাকে ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দেন। পরে ওই কিশোরকে তাঁরা মারধর করেন। এ সময় ওই কিশোরের মা তাকে বাঁচাতে এগিয়ে এলে ইউপি চেয়ারম্যান তাঁকেও মারধর করেন এবং তাঁদের ওই ঘরে তালাবদ্ধ করে রেখে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ইউপি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বেলা দুইটার দিকে তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হয়। এ ঘটনায় অপর আসামি ইউপি সদস্য মফিজাল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওই কিশোর ও তার মাকে মারধরের অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে সাগর মিয়া নামে এক ছেলেকে মারধরের অভিযোগ এনে তার মা থানায় যে মামলা করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। আমার প্রতিপক্ষ গত ইউপি নির্বাচনে পরাজিত হয়ে আমার প্রতি অনেক ঈর্ষান্বিত হয়েছেন। প্রতিপক্ষ আমাকে সমাজের চোখে হেয় করতে ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করিয়েছেন।’