বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও মেয়ের পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় ভ্যানচালক বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা ডালিম শেখের সঙ্গে মিম আক্তার
ছবি: প্রথম আলো

পরিবারের অভাব-অনটনে বড় ভাই বেশি দূর পড়াশোনা করতে পারেননি। ছোট ভাই মাত্রই স্কুলে যাওয়া-আসা শুরু করছে। মেধাবী হলেও দারিদ্র্যের কারণে স্কুলের গণ্ডি পার হতে পারেননি ছোট বোন। নবম শ্রেণিতে পড়া অবস্থায় পরিবার থেকে তাঁকে বিয়ে দেওয়া হয়েছে। চার ভাইবোনের মধ্যে ব্যতিক্রম মিম আক্তার। এ বছর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হলেও অর্থাভাবে পড়াশোনা চালিয়ে নেওয়ার দুশ্চিন্তায় আছে মিমের পরিবার।

মিম আক্তার কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের ডালিম শেখের মেয়ে। তাঁর বাবা একজন ভ্যানচালক। চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় মিম। বর্তমানে মিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মিম।

ভ্যানচালক বাবার সামান্য আয়ে অনেক কষ্ট করে এত দূর এসেছেন মিম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ বহন করা মিমের বাবার পক্ষে সম্ভব নয়। তাই সবার সহযোগিতায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় চাকরি করতে চান মিম। আগামী নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। পাঠদান শুরুর আগেই রাজশাহীতে থাকতে চান তিনি।

মিম বলেন, ‘খুবই দুশ্চিন্তায় আছি। আমার ছোট বোনও মেধাবী ছিল। কিন্তু দারিদ্র্যের কারণে ওর পড়াশোনা হয়নি। পরে বিয়ে হয়ে গেছে। এখন আমি পড়াশোনা করে নিজেকে ও পরিবারকে প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। নভেম্বরের ১ তারিখে ক্লাস শুরু। এখনো অর্থের জোগান হয়নি। সবার সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে চাই।’

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় মিমের বাবা ডালিম শেখের ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছিল। মিম বলেন, ‘ওই সময় মনে হয়েছিল, বিপদের ওপর আরেকটি আপদ। তখন বাবা ঋণ করে আমার ভর্তি ও ভ্যানের ব্যাটারির ব্যবস্থা করেছিলেন। এখন বিত্তবানদের সহযোগিতা ছাড়া বাবার পক্ষে আর সম্ভব নয়।’

বাবা ডালিম শেখ বলেন, ‘চার ভাইবোনের মধ্যে মিম পড়াশোনায় সবচেয়ে ভালো। এসএসসির পর বিয়ের কথা বলেছিলাম। কিন্তু মিম বিয়ে না করে টিউশনি করে আইএ (এইচএসসি) পাস করেছে। এখন আবার ধারদেনা করে ভার্সিটিতে ভর্তি হয়েছে। আমি গরিব মানুষ। খাওয়ার টাকাই জোগাড় হয় না। ওকে পড়াব কী করে! মেয়ের শখ পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু শখ পূরণে কোনো কূলকিনারা পাচ্ছি না।’

শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল জব্বার বলেন, ‘মিম আমার সরাসরি ছাত্রী। সে অত্যন্ত মেধাবী ও বিনয়ী। তবে সে আর্থিকভাবে ততটা সচ্ছল নয়।’

শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব বলেন, মিম আক্তার মেধাবী কিন্তু তাঁর বাবা দরিদ্র। পারিবারিক আর্থিক অসচ্ছলতায় তাঁর পড়াশোনা এখন বন্ধের পথে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হবে।