নৌপথে নিরাপদ ঈদযাত্রায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে : নৌপরিবহনমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘পবিত্র ঈদুল ফিতরে নদীপথে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমার বিশ্বাস, এবারের ঈদযাত্রা যেকোনো ঈদযাত্রার চাইতে ভালো হবে।’ আজ সোমবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
শেখ রবিউল আলম আরও বলেন, ‘ঈদযাত্রায় যাত্রীদের সেবা দিতে হবে। ঈদযাত্রা যাতে নিরাপদ, স্বস্তির ও আরামদায়ক হয়, সে জন্য গত ১৫ দিন থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। সেইগুলো ঠিকভাবে ফাংশন করছে কি না, তা দেখতেই এখানে আসা। আমরা চাই, যাত্রীরা যেন নির্বিঘ্নে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন। একই সঙ্গে ঢাকায় ফেরার পথেও যেন কোনো ভোগান্তির শিকার না হন, সেই লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের ঈদযাত্রায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো বড় কোনো চ্যালেঞ্জ নেই।’
বিনা মূল্যে ট্রলি ও হুইলচেয়ার সেবার উদ্বোধন
এদিকে বেলা তিনটার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের জন্য বিনা মূল্যে ট্রলি ও হুইলচেয়ার সেবার উদ্বোধন করেন মন্ত্রী শেখ রবিউল আলম। এরপর তিনি নৌযান কর্মী ও ঘাট শ্রমিকদের সঙ্গে মতবিনিময় এবং ঈদসামগ্রী বিতরণ করেন।
এ সময় মন্ত্রী বলেন, শ্রমিকদের শ্রম ও অবদান ছাড়া কোনো জাতি সফল হয়নি, আত্মমর্যাদা পায়নি ও শক্তিশালী হয়নি। যে জাতি শক্তিশালী হয়েছে, সে জাতির শ্রমিকেরা দেশ ও জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের দেশের জনগণ, পরিবার ও প্রতিবেশী এই ঘাট ব্যবহার করে গ্রামের বাড়ি ফিরবেন। আপনারা তাঁদের সহযোগিতা ও সেবা দেবেন। সে জন্য আরও বেশি দায়িত্ব ও কর্তব্যপরায়ণ থাকবেন। সেবার মনোভাব নিয়ে কাজ করলে সদরঘাটে আসা মানুষেরা আপনাদের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে ঈদযাত্রায় কোনো যাত্রীকে যাতে হয়রানি না হতে হয়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা প্রমুখ।