গাজীপুরের ৫টি আসনে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত

ব্যালট বাক্স ও নির্বাচনী উপকরণ বিতরণছবি : প্রথম আলো ফাইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে অনিবার্য কারণ দেখিয়ে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ব্যালট পেপার বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হলো। নির্বাচনী মালামাল বিতরণের নতুন তারিখ ও সময় পরে জানানো হবে। তবে স্থগিতের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে হঠাৎ ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত হওয়ায় নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও প্রার্থীদের মধ্যে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, শিগগিরই নতুন সময়সূচি ঘোষণা করা হবে এবং নির্বাচন কার্যক্রম স্বাভাবিক ধারায় এগিয়ে যাবে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং অফিসার শাহরিয়ার নজির বলেন, ব্যালট পেপার বিতরণের দিন যেদিন নির্ধারণ করা হয়েছিল, সেই দিন থেকে এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে, যাঁরা ব্যালট পেপার বিতরণ করবেন, তাঁরা বলেছেন, ব্যালট পেপার বিতরণে দুই দিনের বেশি সময় লাগবে না। সে জন্য ব্যালট পেপার বিতরণ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।