বৃষ্টি হলেই সড়ক তলিয়ে যায় হাঁটুপানিতে। সেই সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্তের। সেগুলো পানির নিচে থাকায় বিভিন্ন যানবাহনকে চলতে হচ্ছে ধীরগতিতে। এতে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজটের, অন্যদিকে গর্তের ওপর দিয়ে হেলেদুলে যানবাহন চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন চিত্র ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের আট কিলোমিটার সড়কের এক কিলোমিটার অংশের। পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, শহরের চাষাঢ়া থেকে চানমারী জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ভেঙে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কের চানমারী এলাকায় পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে যাওয়ায় সড়ক হাঁটুপানিতে তলিয়ে গেছে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান, রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে।
চাষাঢ়া আর্মি মার্কেটের সাইকেল যন্ত্রাংশের ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, একটু বৃষ্টি হলেই সড়ক হাঁটুপানিতে তলিয়ে যায়। গর্তগুলো পানিতে তলিয়ে থাকায় ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা উল্টে প্রতিদিন ১০-১২টি দুর্ঘটনা ঘটে। এতে যানজট লেগেই থাকে।
গত বুধবার রাত ৯টার দিকে দুই যাত্রী নিয়ে চানমারী সড়কের ভাঙা অংশ অতিক্রম করার সময় রিকশা উল্টে যায় বলে জানান চালক আবদুল আলীম। তিনি বলেন, রাতে পানিতে তলিয়ে থাকা ভাঙা গর্তে তাঁর রিকশা উল্টে পড়ে যায়। দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। রিকশা উল্টে সিট ও মার্টগার্ড ভেঙে গেছে। এগুলো মেরামত করতে ৫০০ টাকার বেশি লাগবে।
সড়কে পানি জমে সৃষ্টি হওয়া গর্তগুলোয় প্রায়ই ছোট যানবাহন উল্টে যাচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক ইমরান হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, চানমারীর এই সড়কে বড় যানবাহনগুলো ধীরে চলায় নগরীতে যানজট ছড়িয়ে পড়ছে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, সড়কটি স্থায়ীভাবে মেরামত না করা হলে নগরবাসীকে আরও ভোগান্তি পোহাতে হবে।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক আসাদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের চানমারী অংশটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ভাঙা সড়কে অসংখ্য গর্ত থাকায় ও সড়ক পানিতে তলিয়ে থাকায় যানবাহন চালানো কঠিন হয়ে পড়েছে। বুধবার দুপুরে ৯ বস্তা চাল নিয়ে একটি রিকশা উল্টে পানিতে পড়ে যায়। তিনি নিজেও কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছেন বলে জানান।
চানমারী এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, পানি জমে থাকায় সড়কের বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু সড়ক থেকে পানি সরানোর কোনো উদ্যোগ নেই সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের।
পানি জমে ও সড়ক ভেঙে গর্তের কারণে ভোগান্তির বিষয়টি স্বীকার করেছেন সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস। তিনি বলেন, এই সড়কের পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে গেছে। এ কারণে সড়ক থেকে পানি সরতে পারছে না। সড়ক দিয়ে যাতে যানবাহন চলাচল করতে পারে, সে জন্য মেরামতের উদ্যোগ নেবেন তাঁরা। ভূমি জটিলতার কারণে চানমারী অংশে নালার নির্মাণকাজ করতে পারছেন না। তা না হলে অনেক আগেই এই নালার কাজ শেষ হয়ে যেত। আগামী সপ্তাহের মধ্যে ভূমি নিয়ে এই জটিলতা কাটবে বলে আশা তাঁর। এরপর দ্রুত নালার নির্মাণকাজ শুরু হবে।