প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের কটূক্তির অভিযোগে রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে কটূক্তির অভিযোগে দুই প্রবাসীসহ চারজনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা হয়েছে। আজ রোববার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটির আবেদন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। আদালতের বিচারক আবদুল মজিদ আবেদনটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। এদিকে একই দিনে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ ওই ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলার আবেদন করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন—ঢাকার জিগাতলা এলাকার কানাডাপ্রবাসী মোস্তাফিজার রহমান ওরফে টিটু (৫৭), ঢাকার সবুজবাগের যুক্তরাষ্ট্রপ্রবাসী নাজমুস সাকিব (৩৫), সবুজবাগ এলাকার আনিছ মিয়া (৪৩) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহিম আলী (৪২)।
মামলার এজাহার ও বাদীর সঙ্গে কথা বলে জানা গেছে, কানাডাপ্রবাসী মোস্তাফিজার, যুক্তরাষ্ট্রপ্রবাসী নাজমুসসহ অন্য দুই ব্যক্তি বিভিন্ন সময় নাগরিক টিভি নামের একটি ফেসবুক পেজে প্রচারিত ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য করে আসছেন। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব অপপ্রচার বন্ধ করাসহ মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য রটানোয় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত বিচার চেয়ে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
মামলার বাদী তুষার কান্তি মন্ডল বলেন, মামলার আসামিরা মিথ্যা তথ্য প্রচার করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে চান। এ কারণে তাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে ন্যায়বিচারের আশায় মামলা করা হয়েছে।