রাজশাহীতে তিন দিন ধরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে তীব্র দাবদাহ। ফলে আখের রসের চাহিদাও বেড়ে গেছে। আজ বুধবার ইফতারের আগে রাজশাহীর কুমারপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

রাজশাহীতে টানা ১৫ দিন ধরে তাপপ্রবাহ চলছে। প্রথম দিকে মৃদু তাপপ্রবাহ চললেও শেষ পাঁচ দিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যে তিন ধরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। টানা দাবদাহে মানুষ নাকাল হয়ে পড়েছে।

গত সোমবার দীর্ঘ ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়। পরদিন মঙ্গলবার রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এটি গতকাল দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজ বুধবার বেলা ৩টায় রেকর্ড করা হয় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু, তার বেশি ৩৮ ডিগ্রি হলে তা মাঝারি আর ৪০ ডিগ্রি হলে তা তীব্র তাপপ্রবাহ। এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ। সে ক্ষেত্রে রাজশাহীতে আজ অতি তীব্র তাপপ্রবাহ বইছে।

রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বশেষ ৩ এপ্রিল ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়। তখন তাপমাত্রা ২৫ ডিগ্রিতে নেমে আসে। পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। গত প্রায় ১৫ দিনের তাপমাত্রা পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতিদিনই তাপমাত্রা বেড়েছে রাজশাহীতে। গত মঙ্গলবার রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ছিল ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৩৯ দশমিক ৫ ডিগ্রি, রোববার ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ওঠে, সোমবার রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, গতকাল মঙ্গলবার ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ তা আবার বেড়ে ৪২ দশমিক ৫ ডিগ্রিতে উঠে গেছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে তাপমাত্রা আর এর থেকে বেশি নাও বাড়তে পারে।

এদিকে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়াতে রাজশাহীর পানির স্তর নিচে নেমে গেছে। রাজশাহী নগরের অনেক টিউবওয়েলে পানি উঠছে না। যে কয়টি টিউবওয়েল একটু গভীরে, সেখান থেকেই পানি উঠছে। তাই বিকেল হলেই সেসব টিউবওয়েলে পানি নেওয়ার জটলা তৈরি হয়। নগরের গণকপাড়া মোড়ে এমনই জটলা দেখা গেল আজ বিকেলে। সেখানে সাঈদ আহমেদ (১৪) নামে এক শিশু টানা টিউবওয়েল চেপে যাচ্ছিল। আর অন্যরা বোতল ধরে পানি নিচ্ছিল।

সাঈদ বলে, এই সময়ে পানির চাপ থাকে। সরতে পারছে না। অন্যরা বলেন, নগরের অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। যেখানে পানি উঠছে, সেখানেই চাপ বেশি।

বিকেল হলেই আখের রস মাড়াইয়ের ভ্যানের সামনেও জটলা বাঁধে। পাশাপাশি লাইন ধরে উচ্চমূল্যে তরমুজও কিনতে হয়। তরমুজ কেনার অভিজ্ঞতা বিষয়ে এক ব্যক্তি বলেন, তিনি গতকাল আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকে একটা তরমুজ কিনতে পেরেছেন।