‘এই মঞ্চে আসার স্বপ্ন ছিল অনেক আগ থেকেই’

শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সানজিদা সুলতানা জুঁই। জোহান ড্রিম ভ্যালি পার্ক, ঝিনাইদহ। ৮ অক্টোবর ২০২৬ছবি: আজাদ রহমান

ঝিনাইদহ শহর থেকে সড়কপথে সানজিদা সুলতানা জুঁইদের শৈলকুপা উপজেলার সীমান্তবর্তী আবাইপুর গ্রামের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। প্রত্যন্ত এলাকা হওয়ায় তাদের বিদ্যালয়ে ভালো শিক্ষক পাওয়া যেত না। এরপরও দমে যায়নি সানজিদা। মুঠোফোনে যোগাযোগ করে নোট সংগ্রহ করে পড়াশোনা করেছে সে। শেষ পর্যন্ত রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে সানজিদা এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে।

শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনার জন্য নিবন্ধন করেছিল সানজিদা। আজ বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কে সংবর্ধনা মঞ্চে ডাকতেই উচ্ছ্বাসের সঙ্গে দৌড়ে আসে সে। এরপর বলল, ‘এই মঞ্চে আসার স্বপ্ন ছিল অনেক আগ থেকেই। পত্রিকায় সংবর্ধনার অনুষ্ঠান দেখে মনে হতো আমি ওখানে যেতে পারব। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।’

সংবর্ধনায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ছবি -আলীমুজ্জামান

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সংবর্ধনার ঝিনাইদহ পর্বে অংশ নিতে সকাল ৯টা থেকেই অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীরা আসতে থাকে। কেউ কেউ এসেছিল অভিভাবক নিয়ে। মাত্র আধা ঘণ্টার মধ্যেই পুরো অনুষ্ঠানস্থল ভরে যায়। এরই মধ্যে শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

ফটো ফ্রেমে দল বেঁধে ছবি তুলছে বন্ধু, সহপাঠীরা
ছবি -আলীমুজ্জামান

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সকাল ১০টায় মূল অনুষ্ঠান শুরু হয়। জেলা বন্ধুসভার সদস্য সুস্মিতা তাবাসসুমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান। তিনি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের চিঠি পড়ে শোনান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু বলেন, ১০ বছর কঠোর পরিশ্রম করে তোমরা আজকের এই স্থানে এসেছো। তোমাদের আরও অনেক দূর যেতে হবে। আর এ জন্য পড়ালেখায় মনোযোগী হতে হবে।

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল বলেন, ‘একজন শিক্ষার্থী প্রতিদিন দুই ঘণ্টার বেশি মুঠোফোনের সঙ্গে থাকলে তার ভালো ফল করা কষ্ট। সেই কারণে মুঠোফোন থেকে তোমাদের দূরে থাকতে হবে। একই সঙ্গে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে।’

পুরস্কার হাতে কুইজ বিজয়ী শিক্ষার্থীরা
ছবি -আলীমুজ্জামান

শিক্ষার্থীদের উদ্দেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা বলেন, এখানেই শেষ নয়। এরপরও তোমাদের মধ্যে থেকে অনেকে হারিয়ে যাবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হতে হবে।

জোহান ড্রিম ভ্যালি পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন শিক্ষার্থীদের বলেন, ‘এই বয়সে অনেকে খারাপ পথে পা দিয়ে ফেলে। এই সময়টা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আগামী দিনে তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে।’

সাংস্কৃতিক পর্বে ঢাকা থেকে আসা জনপ্রিয় সংগীতশিল্পী মিঠুন রায় সবাইকে গান গেয়ে শোনান।

সাংস্কৃতিক পর্বে গানে গানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ছবি -আলীমুজ্জামান