বরিশাল
অভয়াশ্রমেও ইলিশ শিকার
পুরাতন হিজলা লঞ্চঘাটসহ মেঘনা ও এর শাখানদী ইলিশের নতুন অভয়াশ্রম। সেখানে মাছ শিকার চলছে।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কিন্তু বরিশালে ইলিশের অভয়াশ্রমের নদ-নদীতে ইলিশ ধরছেন জেলেরা।
বরিশালের হিজলা, মুলাদি, মেহেন্দীগঞ্জ, চাঁদপুরের হাইমচর থেকে শুরু করে ভোলার তেতুঁলিয়া পর্যন্ত নদ-নদী, অববাহিকা ও শাখা নদীগুলোয় ছোট ছোট নৌকা নিয়ে ইলিশ শিকার চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরসংলগ্ন মেঘনার হাইমচর, বরিশালের হিজলা, মুলাদি মেহেন্দীগঞ্জসংলগ্ন মেঘনা, এর শাখা নদী ভোলার তেঁতুলিয়া, মেঘনাসহ বেশ কিছু এলাকায় জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে ইলিশ ধরছেন। গত বছরও নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় ইলিশ ধরার ঘটনা ঘটেছিল। এসব ইলিশ বিক্রির জন্য রীতিমতো হাট পর্যন্ত বসেছিল সংশ্লিষ্ট এলাকায়। এসব এলাকায় অভিযান চালাতে গিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গত বছর হামলা হয়েছিল। এবারও ওই সব এলাকায় ছোট নৌকায় দিন-রাত ছোট ফাঁসের নিষিদ্ধ জাল ফেলে ইলিশ ধরা হচ্ছে। হিজলার হরিনাথপুর ইউনিয়নের আবুপুর, হিজলা-গৌরবদি ইউনিয়নের খালিসপুর, জানপুর এলাকায় রাতে ইলিশের হাট বসছে।
গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে পুরাতন হিজলা লঞ্চঘাটসহ মেঘনা ও এর শাখা নদীতে অসংখ্য ছোট ছোট নৌকায় জেলেদের ইলিশ ধরতে দেখা যায়।
এই এলাকা ইলিশের নতুন অভয়াশ্রম। ২০১৯ সালে সরকার দেশে ষষ্ঠ অভয়াশ্রম হিসেবে এলাকাটি গেজেটভুক্ত করে। এই অভয়াশ্রমের সীমানা হচ্ছে বরিশাল সদর উপজেলার কালাবদর নদের হবিনগর পয়েন্ট থেকে মেহেন্দীগঞ্জের বামনীরচর পয়েন্ট পর্যন্ত ১৩ কিলোমিটার, মেহেন্দীগঞ্জের গজারিয়া নদীর হাট পয়েন্ট থেকে হিজলা লঞ্চঘাট পর্যন্ত ৩০ কিলোমিটার, হিজলার মেঘনার মৌলভীরহাট পয়েন্ট থেকে মেহেন্দীগঞ্জসংলগ্ন মেঘনার দক্ষিণ-পশ্চিম জাঙ্গালিয়া পয়েন্ট পর্যন্ত ২৬ কিলোমিটার। এই সীমানার মধ্যের নদ-নদীগুলো হচ্ছে কালাবদর, আড়িয়াল খাঁ, নয়ভাঙ্গুলী, গজারিয়া ও কীর্তনখোলা। অর্থাৎ বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জসংলগ্ন মেঘনার শাখা নদীগুলো এর আওতায় রয়েছে।
চাঁদপুর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া দেওয়ান বলেন, হিজলার গৌরবদি ইউনিয়নের পূর্ব পাড়ে মেঘনা নদীতে জানপুর নামের একটি শাখা খাল রয়েছে। এটি পূর্ব দিকে চাঁদপুরের হাইমচরের নীলকমল ইউনিয়নে এলেকমেন খাল নামে পরিচিত। এই খালে রাতে ইলিশ শিকারের জন্য নোঙর করে থাকে অন্তত ৩০০ নৌকা। মানিক দেওয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছরের মতো এবারও বেপরোয়াভাবে মা ইলিশ ধরা হচ্ছে।
বিভাগীয় মৎস্য অধিদপ্তর বলছে, এবার নদ-নদীতে অভিযান জোরদার করা হয়েছে। এরপরও সুযোগ বুঝে বিভিন্ন নদ-নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। জনবল, যানবাহন সংকটসহ নানা সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে উপজেলা ও পুলিশ প্রশাসন।
মৎস্য অধিদপ্তর জানায়, ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। গতকাল সকাল পর্যন্ত চার দিনে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগে ১২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে ১৮ লাখ মিটারের বেশি অবৈধ জাল, যার বাজার মূল্য ৩ কোটি ৬৬ লাখ টাকা। ইলিশ উদ্ধার হয়েছে ১ হাজার ১৫৭ কেজি।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা সব শক্তি দিয়ে চেষ্টা করছি। কিন্তু জনবলসংকট, যানবাহনসংকট এবং বরাদ্দ অপ্রতুলতার কারণে পুরোপুরি পারছি না। সব সময়ই নজরদারি করছি। কিন্তু এক দিক থেকে অভিযান চালালে অন্য দিক থেকে জেলেরা নেমে পড়েন। তাঁদের ঠেকানোটা এখন দুঃসাধ্যই বলা চলে।’
এস এম পারভেজ আরও বলেন, আবুপুর, জানপুর ও খালিসপুর—এই তিন এলাকায় অভিযান চালিয়ে ৪৪ জেলেকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। তারপরও তাঁদের নিবৃত্ত করা যাচ্ছে না।
স্থানীয় একাধিক সূত্র জানায়, এসব জেলেরা সংঘবদ্ধ। স্থানীয় কয়েকজন ইউপি চেয়ারম্যান ও সদস্য জেলেদের এসব কাজের পৃষ্ঠপোষক। প্রতিবছরই নিষেধাজ্ঞার সময় চক্রটি সক্রিয় হয়ে ওঠে। নৌ পুলিশের কিছু সদস্য ও মৎস্য বিভাগের কিছু কর্মকর্তার বিরুদ্ধেও রয়েছে অনিয়মের অভিযোগ। মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সীমিত জনবল দিয়ে অভিযান চালাচ্ছি। কিছু স্থানে সমস্যা আছে। কীভাবে মোকাবিলা করতে পারি, সে বিষয়ে আলাপ-আলোচনা চলছে।’