সাতক্ষীরায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরায় ট্রাকের চাপায় ইটভাটার দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বাইপাস সড়কের দেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) নলকুড়া গ্রামের মো. ফয়সাল (২৬) ও মথুরাপুর গ্রামের মো. সজীব (১৫)।

নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন বলেন, ইটভাটায় কাজ শেষে ফয়সাল ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। ফয়সালের পেছনে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন একই ভাটার শ্রমিক সজীব। বাইপাস সড়কের দেবনগর এলাকায় পৌঁছালে বিনেরপোতাগামী একটি ট্রাক ফয়সালের ভ্যান ও সজীবের সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।

এদিকে সাইকেলে থাকা সজীব গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে চারটার দিকে সজীবের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।